উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মাঝআকাশে ভয়াবহ টার্বুলেন্স বা প্রবল ঝাঁকুনির (Extreme Turbulence) মুখে পড়ল ফুকেট থেকে দিল্লিগামী (Phuket-Delhi) এয়ার ইন্ডিয়ার একটি বিমান (Air India)। সোমবার ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার AI2379 বিমানে। জানা গিয়েছে, উড়ান চলাকালীন আচমকাই বিমানটি প্রায় ৩০০ ফুট নীচে নেমে আসে। যার জেরে হঠাৎ প্রবল ঝাঁকুনিতে বিমানে থাকা অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। যদিও কারও চোট গুরুতর নয়।
দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করার পরই সমস্ত যাত্রী ও ক্রু সদস্যদের নামিয়ে আনা হয়। এয়ার ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, আহতদের দ্রুত বিমানবন্দরের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, ‘যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য করা হচ্ছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা চলছে।’
ইতিমধ্যেই এই ঘটনার কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, তীব্র ঝাঁকুনির চোটে ক্যাবিনের মাথার সিলিংয়ে পর্যন্ত চিড় ধরে গিয়েছে। তবে পাইলটদের সতর্কতায় বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সব যাত্রী।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে দিল্লি থেকে শ্রীনগরগামী একটি ইন্ডিগো বিমানও একইভাবে মাঝ আকাশে শিলাবৃষ্টি ও তীব্র ঝাঁকুনির মুখে পড়েছিল। সেই সময় বিমানের সামনের অংশের (নোজ কোন) ক্ষতি হয়েছিল। এবার ফের এয়ার ইন্ডিয়ার এই বিমানে একই ধরনের বিভীষিকাময় ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

