রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: আসানসোল (Asansol) শিল্পাঞ্চল এলাকায় ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত অটোর যাতায়াত নিয়ে এবার কঠোর পদক্ষেপ গ্রহণের সপক্ষে জোরালো অবস্থান নিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সীমান্তবর্তী অঞ্চল থেকে যেসব অটো বিনা অনুমতিতে বা নিয়ম ভেঙে প্রবেশ করছে, সেগুলির বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে অবিলম্বে নির্দিষ্ট নির্দেশিকা জারির আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, আইন অমান্য করে কোনও গাড়ি সীমানা পেরোলে তা সরাসরি সিজ করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
আন্তঃরাজ্য সীমানা দিয়ে যানবাহন চলাচলের ক্ষেত্রে পারমিট এবং অন্যান্য পরিবহণ সংক্রান্ত আইনি প্রোটোকল কঠোরভাবে মানা হচ্ছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রেক্ষাপটে মন্ত্রী জানান যে, সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যৌথ বৈঠক করে কোন কোন গাড়ি আইনসম্মতভাবে চলাচল করতে পারবে এবং কাদের বিরুদ্ধে শাস্তিযোগ্য পদক্ষেপ হবে, তার রূপরেখা দ্রুত স্পষ্ট করতে হবে। সাধারণ মানুষ ও চালকদের উদ্দেশ্যে আগে থেকেই সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়ে তিনি মন্তব্য করেন যে, কঠোর শাস্তির ভয়ে অননুমোদিত গাড়িগুলির চলাচল স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে।
এই বিষয়ে তাঁর বক্তব্য স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন, “ঝাড়খণ্ড বর্ডার থেকে যেগুলো ঢুকছে, সেটাও নোটিফিকেশন দিয়ে দেওয়া হোক যে আমরা সিজ করে নেব। তখন তারা ভয়ে আর আসবে না। যখন জানবে যে সিজ হয়ে যাবে।” মন্ত্রীর এই কড়া বার্তার পরই শিল্পাঞ্চলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরিবহণ দপ্তরের নিয়মকানুনের ফাঁক গলে চলা এই সমস্ত অবৈধ যাতায়াত রুখতে প্রশাসন কতটা কঠোর হয়, এখন সেটাই দেখার বিষয়।
পরিস্থিতির গুরুত্ব বুঝে আগামী দিনে জেলার আঞ্চলিক পরিবহণ দপ্তর বা আরটিও এবং আসানসোল-দুর্গাপুর পুলিশের ট্রাফিক ডিসিপি-র মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই দুই রাজ্যের সীমানাবর্তী এলাকায় চলা এই অটো সমস্যা সমাধানের স্থায়ী পথ খুঁজে বের করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

