নয়াদিল্লি: ২০২৩ ওডিআই বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি। আবারও আইসিসি মেগা ইভেন্টে ইংল্যান্ড বধ। ‘ডু অর ডাই’ দ্বৈরথে জস বাটলার ব্রিগেডকে ছুটি করে দিয়ে নিজেদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান।
বাইশ গজে আফগানিস্তানের যে অঘটনে উচ্ছ্বসিত ক্রিকেট মহল। অভিনন্দনের জোয়ার। শচীন তেন্ডুলকার যদিও অঘটন মানতে নারাজ। ভারতীয় কিংবদন্তির দাবি, গত কয়েক বছরে রশিদ খানরা প্রচুর উন্নতি করেছে। এই ফলাফলে তিনি মোটেই অবাক হননি।
সামাজিক মাধ্যমে শচীন লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের ধারাবাহিক উন্নতি অনুপ্রেরণার যোগ্য। ওদের জয়কে আর অঘটন বলা যাবে না। এটা ওরা অভ্যাসে পরিণত করে ফেলেছে। দুর্দান্ত সেঞ্চুরি করল ইব্রাহিম জাদরান। আজমতাতুল্লাহ ওমরজাইয়ের ৫ উইকেট। আরও একটা স্মরণীয় জয়। দারুণ খেলছো তোমরা।’
রবি শাস্ত্রীও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কাবুলিওয়ালার দেশকে। প্রাক্তনের মতে, অসাধারণ ক্রিকেটে বাকি বিশ্বকে নিজেদের ক্ষমতা আরও একবার দেখিয়ে দিয়েছে আফগানিস্তান। ইংল্যান্ডের জন্য পরামর্শ, অজুহাত নয়, সিরিয়াসভাবে নিতে হবে উপমহাদেশের খেলার চ্যালেঞ্জ। নাহলে বারবার এভাবে মুখ থুবড়ে পড়তে হবে।
২০২৩ ওডিআই বিশ্বকাপে রশিদদের মেন্টর অজয় জাদেজাও প্রাক্তন ছাত্রদের নিয়ে গর্বিত। বিনা পারিশ্রমিকে দায়িত্ব সামলানো জাদেজা বলেছেন, ‘আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীদের এই জয়টা প্রাপ্য ছিল। ওরা বোধহয় বিশ্বের সবথেকে আবেগপ্রবণ এবং নম্র ক্রিকেট সমর্থক।’
শোয়েব আখতার আবার শেষ চারে দেখতে চান আফগানিস্তানকে। বিশ্বাস, অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই স্বপ্নপূরণ করতে সক্ষম হবে মহম্মদ নবি-জাদরানরা। নিজের দেশের বিদায়ের মাঝেও আফগানদের দুর্দান্ত ক্রিকেটে অভিনন্দন জানিয়েছেন মাইকেল ভনও। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক লিখেছেন, ‘দুর্দান্ত ক্রিকেট। যোগ্য হিসেবেও জয়ী। গত কয়েক বছর ধরেই সাদা বলে ইংল্যান্ডের পারফরমেন্স নিম্নমুখী। এখানকার পরিবেশে এই ফলাফলে আমি অবাক নই।’
আবেগে ভাসলেন ইরফান পাঠানও। যা ছুঁয়ে গেল রশিদকেও। ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ড-বধের পর রশিদদের সঙ্গে মাঠের মধ্যেই বলিউডি ‘আফগান জিলিবি’ পা মিলিয়েছিলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার। এদিন মাঠে না থাকলেও আবারও কোমর দোলালেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে ইরফান লিখেছেন, ‘আইসিসি টুর্নামেন্টে আবারও ইংল্যান্ড-বধ আফগানিস্তানের। সাবাস।’
ইরফানের যে পোস্টে আবেগতাড়িত আফগানিস্তান তারকা রশিদ খানও। প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘ভাইজান আমাকে ছাড়াই নাচ। হা হা হা। ধন্যবাদ ভাইয়া সবসময় আমাদের সমর্থন এবং ভালোবাসার জন্য।’
