বহরমপুর: দেশজুড়ে তৃণমূল কংগ্রেস সাংসদদের একের পর এক দলবদল এবং এনসিপিআই-তে যোগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবার তীব্র আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। তাঁর অভিযোগ, তৃণমূলের এই সুবিধাবাদী রাজনীতির কারণে আজ গোটা দেশের দরবারে ‘বাঙালি অস্মিতা’ এবং বাঙালির সম্মান ভূলুণ্ঠিত হচ্ছে। বুধবার সন্ধ্যায় বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো তুলোধোনা করেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, বর্তমানে দিল্লিতে তৃণমূলের পক্ষ থেকে একটি বড়সড় ‘সার্কাস’ চালানো হচ্ছে। তাঁর অভিযোগ, তৃণমূলের নেতারা আদর্শের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত পদ ও সুযোগ-সুবিধার জন্য বিজেপির কাছে আত্মসমর্পণ করছেন। অধীরবাবুর ভাষায়, “যার ইচ্ছা এই সার্কাস দেখে নাও। এই সার্কাসে জোকার আছে, ট্র্যাপিজের খেলার লোক আছে, আবার ধান্দাবাজও আছে—সবাইকে দেখে নাও। বাংলা থেকে দিল্লিতে গিয়ে তৃণমূলের নেতারা আজ প্রমাণ করে দিলেন যে বাঙালিরা আদতে কাঙাল। শুধুমাত্র পদের লোভে আর ধান্দার জন্য তারা নিজেদের সর্বস্ব বিক্রি করে দিয়ে সারেন্ডার (আত্মসমর্পণ) করছে।”
কংগ্রেস নেতার দাবি, তৃণমূলের এই ধরণের কর্মকাণ্ডের ফলে আজ ভিন রাজ্যে বসবাসকারী বা কর্মরত সাধারণ বাঙালিদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। দেশজুড়ে বাঙালির চিরকালীন যে উচ্চ সম্মান ও গৌরব ছিল, তা আজ হাসির খোরাকে পরিণত হয়েছে। তৃণমূলের এই সুবিধাবাদী পদক্ষেপকে আসলে বাঙালির ‘পরাজয় উৎসব’ বলে কটাক্ষ করেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, জাতীয় স্তরে তৃণমূলের সাম্প্রতিক সাংগঠনিক রদবদল ও সাংসদদের দলবদলের আবহেই বহরমপুরের মাটি থেকে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় ‘বাঙালি আবেগ’ ও ‘বাঙালি অস্মিতা’কে হাতিয়ার করে শাসকদলকে কোণঠাসা করতে চাইলেন অধীর চৌধুরী।

