উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Residence) কালীঘাটের বাসভবনে মঙ্গলবার দুপুর থেকে শুরু হলো কলকাতা পুরসভার (KMC) সার্ভে বা মাপজোকের কাজ। সিআইডি-র (CID) তলবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি, ঠিক সেই সময়েই পুরসভার কর্মীরা পৌঁছে যান পটুয়াপাড়ার ওই বাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টা নাগাদ পুরসভার কর্মীরা অভিষেকের বাড়ির সামনে পৌঁছান। মূলত বাড়িটি নিয়ম মেনে তৈরি করা হয়েছে কি না এবং ফুটপাত থেকে প্রয়োজনীয় দূরত্ব ও সীমানা প্রাচীর নির্মাণের ক্ষেত্রে নিয়ম মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। কর্মীরা বাড়ির পিছন দিকের সীমানা প্রাচীর ও কালো রঙের গেট ফিতে দিয়ে পরিমাপ করেন। পাশাপাশি, বাড়ির পাশের একটি সেলুনের ভেতরে গিয়েও তাঁরা মাপজোক চালান। পুরসভার কর্মীদের হাতে থাকা ভবনের নকশার (বিল্ডিং প্ল্যান) সঙ্গে বর্তমান কাঠামোর মিল রয়েছে কি না, তা-ও যাচাই করে দেখা হয়।
উল্লেখ্য, সম্প্রতি অভিষেকের সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Court docket) দ্বারস্থ হন। তাঁদের দাবি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই বাড়িটি আইনসম্মতভাবেই নির্মিত হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সকাল ১১টা ৪৫ মিনিটে বাড়ি থেকে বেরিয়ে সিআইডি দপ্তরে যাওয়ার পর পুরসভার এই তৎপরতা রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যদিও পুরো বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
