উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা ভোটের দামামা বাজতেই বাংলা জুড়ে শুরু হয়েছে স্লোগান যুদ্ধ। শনিবার মালদা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ স্লোগান তুলে পরিবর্তনের ডাক দিয়েছিলেন। রবিবার সিঙ্গুরের সভাতেও তার পুনরাবৃত্তি করেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হওয়ার আগেই নদিয়ার চাপড়া থেকে পাল্টা হুঙ্কার ছাড়লেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০২১-এর সুর টেনে তিনি ঘোষণা করলেন, “এ বারও বাংলা থাকবে তার মেয়ের কাছেই।”
মোদিকে পাল্টা আক্রমণ: রবিবার চাপড়ায় তৃণমূলের রোড শো-তে ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখান থেকেই অভিষেক বলেন, “মোদিজি বলছেন পাল্টানো দরকার। আমি একমত, পাল্টানো দরকার। কিন্তু বাংলার মানুষ পাল্টাবে না, পাল্টাবেন আপনারা (বিজেপি)। পাল্টাবে দিল্লি-গুজরাটের বহিরাগতরা।” বিজেপি নেতাদের দুর্গাপুজো ও কালীপুজোর ভক্তি নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “আগে যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করত, এখন তারাই জয় মা কালী-মা দুর্গা বলছে! বাংলার মানুষ আপনাদের কাছে মাথা নত করবে না।”
দুর্নীতি ও নাগরিকত্ব ইস্যুতে খোঁচা: এদিন বিজেপির স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধেও সুর চড়ান অভিষেক। তেহট্টের এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে নর্দমা তৈরির টাকা আত্মসাৎ এবং ১০০ দিনের কাজের টাকা নয়ছয়ের অভিযোগ তোলেন তিনি। রাজমাতা অমৃতা রায়ের একটি অভিযোগের সূত্র ধরে অভিষেক দাবি করেন, কৃষ্ণনগরে জবরদখল করা বাড়িতে বিজেপির অফিস চলছে। তাঁর প্রশ্ন, “যাদের পার্টি অফিসই অবৈধ, তারা আমাদের নাগরিকত্বের বৈধতা শেখাবে?”
আবাস যোজনা ও নতুন স্লোগান: কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার যে মানুষের পাশে আছে, তা মনে করিয়ে দিয়ে অভিষেক ঘোষণা করেন, আগামী ১৫ দিনের মধ্যে ২০ লক্ষ মানুষের অ্যাকাউন্টে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে। সভার শেষে মোদির স্লোগানের পাল্টা দিয়ে অভিষেক বলেন— “মেয়ের কাছেই থাকবে বাংলা, কর তুই পারিস যতই হামলা, পারলে এবার মোদিবাবু দিল্লি সামলা!”
এদিন বক্তৃতা চলাকালীন এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ ভাষণ থামিয়ে দেন অভিষেক। নিজের জলের বোতল থেকে জল দিয়ে তাঁর সেবা করেন এবং অসুস্থ বৃদ্ধাকে নিজের গাড়িতে বসিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। উল্লেখ্য, গতকাল মুর্শিদাবাদের সভাতেও একইভাবে বিধায়ক নিয়ামত শেখ অসুস্থ হয়ে পড়লে তৎপরতা দেখিয়েছিলেন অভিষেক।
