উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক কর্মসূচি বাংলায় নতুন কিছু নয়, তবে ২০২৬ বিধানসভা নির্বাচনকে (Meeting Election 2026) পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস যে এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে ময়দানে নামছে, তার প্রমাণ মিলল শুক্রবার। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে এদিন থেকে শুরু হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নতুন রাজনৈতিক যাত্রা ‘আবার জিতবে বাংলা’। আয়োজনের বিপুল বহর আর মঞ্চের আধুনিকতা দেখে রাজনৈতিক মহলের মত, সভার শুরুতেই শাসক দল তাদের শক্তির জানান দিয়ে রাখল।
বারুইপুরের (Baruipur) এই সভার সবথেকে বড় চমক হলো এর মঞ্চ পরিকল্পনা। সাধারণত রাজনৈতিক সভায় উঁচু মঞ্চে বসে নেতারা ভাষণ দেন, কিন্তু এখানে দেখা গেল ভিন্ন ছবি। গত লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডের ‘জনগর্জন সভা’য় যে ধরনের লম্বা র্যাম্প দেখা গিয়েছিল, ঠিক সেই ধাঁচেই বারুইপুরে তৈরি করা হয়েছে একটি বিশালাকার ‘প্লাস’ (+) আকৃতির র্যাম্প। মূল মঞ্চ থেকে বেরিয়ে আসা এই র্যাম্প ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি মানুষের মাঝখানে পৌঁছে যাবেন। তিনি ডানে-বাঁয়ে দু-দিকেই হেঁটে সাধারণ মানুষ ও কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উঁচু মঞ্চের দূরত্ব ঘুচিয়ে মানুষের মনের কাছাকাছি পৌঁছানোই এই র্যাম্প-মডেলের মূল উদ্দেশ্য।
সভার জাঁকজমক বোঝাতে শুধু র্যাম্প নয়, ব্যবহার করা হয়েছে একাধিক বিশালাকার এলইডি স্ক্রিন। সভাস্থলে উপস্থিত হাজার হাজার মানুষ যাতে স্পষ্ট করে নেতার বক্তব্য শুনতে ও অঙ্গভঙ্গি দেখতে পারেন, তার জন্যই এই এলাহি ব্যবস্থা। বারুইপুরের সাধারণ মানুষের কথায়, এমন আধুনিক মঞ্চ সজ্জা এলাকায় আগে কখনও দেখা যায়নি।
এই কর্মসূচির মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি জেলায় পৌঁছাতে চাইছেন। বারুইপুরের এই গ্র্যান্ড ওপেনিংয়ের পর শনিবারই তাঁর গন্তব্য উত্তরবঙ্গ (North Bengal)। এরপর আগামী ৬ জানুয়ারি বীরভূমে এবং পরবর্তী ধাপে মেদিনীপুরসহ সারা বাংলায় একের পর এক জনসভা করবেন তিনি। মূলত সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরা এবং সরাসরি মানুষের অভাব-অভিযোগ শোনা— এই দ্বিমুখী কৌশলেই সাজানো হয়েছে ‘আবার জিতবে বাংলা’ সফর। আজকের এই বিপুল আয়োজন স্পষ্ট করে দিল যে, ২০২৬-এর লড়াইয়ের জন্য ঘর গোছানোর কাজ এখন থেকেই পুরোদমে শুরু করে দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
