উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি-র তলবে হাজিরা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার বেলা ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছান তিনি এবং দীর্ঘ ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর ইডি (ED) দফতর থেকে বেরিয়ে আসেন।
সোমবার অভিষেকের হাজিরা ঘিরে সিজিও কমপ্লেক্স চত্বরে কোনো বাড়তি পুলিশি নিরাপত্তা বা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। আগে যখন তিনি ইডি দফতরে আসতেন, তখন যে কঠোর সতর্কতা বা সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হত, সোমবার তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি।
দীর্ঘদিন ধরেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে ইডি। সিবিআই (CBI)-এর চার্জশিটে উঠে আসা একটি অডিয়ো ক্লিপ, যেখানে চাকরির টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানোর উল্লেখ রয়েছে, তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি বিস্তারিত জানতে চায়। এছাড়া, অভিষেকের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর আর্থিক লেনদেনের নথিপত্র এবং ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চায় ইডি।
রবিবার বিধানসভায় সই জাল সংক্রান্ত মামলায় ভবানী ভবনে সিআইডি-র মুখোমুখি হয়েছিলেন অভিষেক। সেখানে কুণাল ঘোষের সঙ্গে তাঁকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। হাই কোর্ট অভিষেককে তদন্তে সহযোগিতার নির্দেশ দিলেও, আগামী দুই সপ্তাহের জন্য তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার কথা জানানো হয়েছে। তবে মনে রাখা প্রয়োজন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কোনো রক্ষাকবচ নেই।
