সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত মহিলার মর্মান্তিক মৃত্যু। দ্রুত গতির বিএমডব্লু পিষে দিল ৮ মাসের গর্ভবতি ওই মহিলাকে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৩ বছর বয়সি ওই মহিলার গর্ভস্থ সন্তানেরও। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে সিডনির হার্নসবিতে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম সমন্বয় ধরেশ্বর। ঘটনার সময় তিনি, তাঁর স্বামী ও ৩ বছরের সন্তানের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি বিএমডব্লু দ্রুত গতিতে পথে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দিয়ে উলটে যায় এবং সজোরে ধাক্কা মারে সমন্বয়কে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীন ওই মহিলা ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়।
