শোয়ের নাম ‘দ্য অশ্লীল শো’। নামের মতোই গোটা শো নিয়েই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। অভিযোগ, স্ট্যান্ড-আপ কমেডির নামে যৌনগন্ধী মন্তব্য শোনা গিয়েছে সেখানে। বিরিয়ানির বিনিময়ে যৌনতার প্রসঙ্গ যার মধ্যে অন্যতম। আর সেটাই এখন ভাইরালও। যার মধ্যে নাম জড়াল জোম্যাটোরও। একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে জোম্যাটোর মেসেজ রয়েছে- ‘বিরিয়ানি পাঠাব? ৩৭০ টাকারটাই আছে কেবল।’ সঙ্গে একটি স্মাইলি। এহেন স্ক্রিনশট ভাইরাল হতেই ফুড ডেলিভারি অ্যাপের তরফে পরিষ্কার জানানো হয়েছে, ‘বিরিয়ানি ডিনার হতে পারে, কখনই সম্মতির চিহ্ন নয়।’
ঠিক কী নিয়ে বিতর্ক? প্রণীতের শোয়ে হিমাংশু নামের এক তরুণকে মহিলাদের ডেটিং সংস্কৃতি নিয়ে কটাক্ষ করতে দেখা গিয়েছে। তাঁর দাবি, এক মহিলা তাঁর সঙ্গে ডেটে গেলে তিনি তাঁকে ৩৭০ টাকায় এক প্লেট বিরিয়ানি খাওয়ান। পরে ওই তরুণী যখন তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন, তখন তিনি জবাবে বলেন, যেহেতু খাবারের জন্য তিনি ইতিমধ্যেই ৩৭০ টাকা খরচ করে ফেলেছেন, তাই এখন সেই টাকা ‘উসুল’ করতে চান তিনি। অর্থাৎ ওই মহিলার যৌন সঙ্গ দাবি করে বিরিয়ানির টাকা পুষিয়ে নিতে চেয়েছিলেন তিনি। পরে একটি অন্ধকার পার্কে নিয়ে গিয়ে তরুণীকে চুম্বন ও যৌন স্পর্শ করেন।
আরও পড়ুন:

ভাইরাল ভিডিওয় হিমাংশুর বলা ”৩৭০ টাকা খরচ হয়েছে, সেটা তো উসুল করবই” কথাটি নিয়েই সবচেয়ে বেশি বিতর্কের ঝড়। যার জেরে বিতর্কে জড়িয়েছেন প্রণীত মোরে নিজেও। প্রশ্ন উঠেছে, শোয়ে নারীদের নিয়ে এহেন যৌনগন্ধী মন্তব্যে কীভাবে ইন্ধন জোগালেন তিনি?
আর এর মধ্যেই জোম্যাটোর ওই স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে তীব্র প্রতিবাদ করেছে ফুড ডেলিভারি অ্যাপটি। তাদের একটি পোস্টে লেখা হয়েছে, ‘বিরিয়ানি ডিনার হতে পারে, কখনই সম্মতির চিহ্ন নয়। আমাদের নামে যে অসম্মানজনক নোটিফিকেশনের স্ক্রিনশট আপনারা ঘুরতে দেখেছেন তা জাল। আমরা এমন কিছু লিখিনি বা পাঠাইনি।’

উল্লেখ্য, কৌতুকশিল্পী হিসেবে প্রণীত মোরের জনপ্রিয়তা নেহাত মন্দ নয়। তবে বিতর্কে তিনি আগেও জড়িয়েছেন। ‘বিগ বস’-এ সলমন খানের ধমক খেয়েছিলেন তিনি। এবার সমালোচনার জেরে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল নিষ্ক্রিয় করে দিয়েছেন প্রণীত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
