সময় আসন্ন। শেখ হাসিনার পূর্ব ঘোষণা অনুযায়ী আর এক মাসও বাকি নেই। ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেনই বলে জানিয়ে রেখেছেন। গ্রেপ্তার, এমনকি মৃত্যু হলেও তাঁর সিদ্ধান্ত নড়চড় হবে না বলে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু কোটি টাকার প্রশ্ন হল- তিিন কি সত্যি শেষপর্যন্ত দেশে ফিরবেন? বাংলাদেশ সরকার কি তাঁকে দেশে ফেরার অনুমতি দেবে?
তাঁর বাংলাদেশে যাওয়ার আলোচনা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের কাছে তাঁর হয়ে একটি সংস্থার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে ই-মেল পাঠানোয়। ওই চিঠি অনুযায়ী, ডিসেম্বরে দেশে ফিরে তিনি আদালতের মুখোমুখি হতে চান বলে জানানো হয়েছে। সেই আবেদন সম্পর্কে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালামউদ্দিন আহমেদের সাফ কথা, হাসিনাকে পাসপোর্ট নয়, তাঁরা ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত নেবেন।
মুজিব-কন্যার পাসপোর্টের আবেদনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবীর। হাসিনার দেশে ফেরাটা আসলে তাঁর ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে আছে ভারত-বাংলাদেশ সম্পর্ক, দুই দেশের কূটনৈতিক সমীকরণ, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বিচার ব্যবস্থা। তাঁর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবে ফেরার সুযোগ এখন দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। বাংলাদেশের বক্তব্য, মুজিব-কন্যার ক্ষেত্রে পাসপোর্ট নয়, প্রত্যর্পণই প্রাসঙ্গিক।
অর্থাৎ হাসিনার ফেরার প্রশ্নে তাঁর ব্যক্তিগত ইচ্ছার চেয়ে দুই দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং আইনি প্রক্রিয়া বড় হয়ে উঠেছে। এখানে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও পরে তারেক রহমানের বিএনপি সরকার বহুবার হাসিনার প্রত্যর্পণ দাবি করলেও ভারত তা মানেনি। নয়াদিল্লি বারবার যুক্তি দিয়েছে, বিষয়টি নির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় বিবেচনা করা হচ্ছে।
এমনকি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ঢাকাকে জানিয়েছেন, প্রত্যর্পণের নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়। ভারত-বাংলাদেশ চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ হলে দুই দেশ একে অপরের অভিযুক্ত বা দণ্ডিতকে প্রত্যর্পণের দাবি জানাতে পারে। তবে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা, অপরাধের প্রকৃতি এবং সংশ্লিষ্ট দেশের বিচার ব্যবস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারতের অভ্যন্তরীণ আইনও এক্ষেত্রে প্রাসঙ্গিক।
ফলে ঢাকা দাবি করলেই হাসিনাকে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা নয়াদিল্লির নেই। আবার ভারত চাইলে বিষয়টি অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখতে পারে কি না, সেটা আইনি ও কূটনৈতিক বিবেচনার বিষয়। হাসিনা দেশে ফিরলে শুধু প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন ঘটবে না, বরং বাংলাদেশের রাজনৈতিক সংঘাতে গুরুত্বপূর্ণ অধ্যায় সামনে আসবে। কেননা, প্রশ্ন হল- শেখ হাসিনার প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার পথে বাধা হবে নাকি দীর্ঘমেয়াদে রাজনৈতিক সমঝোতার নতুন সম্ভাবনা তৈরি করতে পারে?
এই প্রশ্নের উত্তর নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির অবস্থান, বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা এবং আওয়ামী লিগের ভবিষ্যৎ ভূমিকার ওপর। ২০২৬ সালের নির্বাচনে অংশ নিতে পারলেও সেদেশের রাজনীতি থেকে আওয়ামী লিগের সামাজিক ও সাংগঠনিক উপস্থিতি মুছে যায়নি। ভারতের সামনে এখন দ্বিমুখী চাপ। একদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা, অন্যদিকে আশ্রয় নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ নিয়ে আইনি ও কূটনৈতিক সিদ্ধান্ত।
দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, সীমান্ত নিরাপত্তা, গঙ্গা ও তিস্তার জলবণ্টন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। শেখ হাসিনাকে ঘিরে অচলাবস্থা দীর্ঘায়িত হলে এই বৃহত্তর সম্পর্কেও প্রভাব পড়বে। প্রত্যর্পণের প্রশ্নটি সেই পথে বড় কূটনৈতিক বাধা। সব মিলিয়ে হাসিনার বাংলাদেশে ফেরা সম্ভব কি না, তার কোনও সরল উত্তর নেই। তবে বাংলাদেশের ভবিষ্যৎ শুধু হাসিনার দেশে ফেরা বা না ফেরার ওপর নির্ভর করে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন, বিরোধীদের অংশগ্রহণ এবং নাগরিক অধিকারের নিশ্চয়তা শেষপর্যন্ত দেশটির স্থিতিশীলতার ভিত্তি তৈরি করবে।

