সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী। জানা গিয়েছে, শনিবার রাতে আচমকা অসুস্থবোধ করেন তিনি। তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন শিল্পী। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
শীতের মরশুম তাই এই সময়ে নানা অনুষ্ঠানে ব্যস্ত থাকেন শিল্পীরা। নচিকেতার ক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম ঘটেনি। জানা গিয়েছে, পরপর একাধিক অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন শিল্পী। তাই সেভাবে বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছিলেন না। ইতিমধ্যে শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি শুরু হয়। সময় নষ্ট না করে তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাতে হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। সূত্রের খবর, চিকিৎসকের পরামর্শমতো তাঁর বুকে দু’টি স্টেন্ট বসানো হয়েছে। ওই হাসপাতালে এখনও চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
