উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র (Rekha Patra) এখনও পুরোপুরি বিপন্মুক্ত নন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি না হলেও উল্লেখযোগ্য কোনো উন্নতিও হয়নি। সিটি স্ক্যানের রিপোর্টে ধরা পড়েছে, বিষক্রিয়ার ফলে বিধায়কের মুখের মধ্যে অতিরিক্ত লালারস জমে গিয়েছিল এবং রোগী পুরোপুরি সচেতন না থাকায় সেই লালা ফুসফুসে ঢুকে অক্সিজেন সরবরাহে বাধা তৈরি করছে।
হাসপাতাল সূত্রে খবর, রেখা পাত্রের রক্তচাপ, ক্রিয়েটিনিন ও ইউরিয়ার মাত্রা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে শরীরে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় চার ঘণ্টা চিকিৎসা চলার পরও অবস্থার উন্নতি না হওয়ায় রাত ৩টে নাগাদ তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বসিরহাট হাসপাতালের রেফারেল কার্ডে উল্লেখ করা হয়েছিল, পরিজনদের দাবি অনুযায়ী রোগীর পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড’ (ভেষজ কীটনাশক) গিয়েছে। সেই সময় তাঁর রক্তচাপ ছিল ১২৪/৭০, নাড়ির স্পন্দন ছিল প্রতি মিনিটে ১১০ এবং মিনিটে চার লিটার করে অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। চিকিৎসকেরা আরও জানান, রোগী ঝিমিয়ে পড়েছিলেন এবং ডাকলে বা বুকে চাপ দিয়ে জাগানোর চেষ্টা করলেও সেভাবে সাড়া দিচ্ছিলেন না।
রবিবার সকালে বিধায়কের অবস্থা সঙ্কটজনক থাকলেও পরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, বিধায়ক আগের চেয়ে ভালো আছেন। তবে বিষক্রিয়ার বিষয়টি এখনই নিশ্চিত নয়, নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, সন্দেশখালির আন্দোলনের অন্যতম মুখ ছিলেন রেখা পাত্র। পরবর্তীতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিজেপি বিধায়ক হন তিনি। সম্প্রতি জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁকে জেলার অনুষ্ঠানে ডাকা হয় না বলে অনুযোগ করেছিলেন রেখা। তাঁর অসুস্থতার খবরে দলের অন্দরে উদ্বেগ ছড়িয়েছে।

