ব্রহ্মপুত্র নদের উপর চিনের বিরাট জলবিদ্যুৎ প্রকল্পের পালটা অরুণাচলে সিয়াং নদীর উপর বাঁধ প্রকল্প শুরু করেছে ভারত। তবে সেই প্রকল্পে আটকে গিয়েছে স্থানীয় জনগণের আপত্তির জেরে। এই টালমাটাল পরিস্থিতির মাঝেই শনিবার অরুণাচলে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ জানালেন, সিয়াং অঞ্চলের মানুষের অনুভূতি ও আবেগকে তিনি সম্মান করেন। তাঁদের উদ্বেগ শুনতেই এখানে এসেছেন তিনি। একইসঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দেন।
অরুণাচলের ইটানগরের নিকটবর্তী বান্দারদেওয়ার পুলিশ ট্রেনিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে বলেন, “সিয়াং অঞ্চলের ভাই-বোনদের আমি আশ্বাস দিতে চাই, ইতিবাচক আলোচনার মাধ্যমেই আমরা সমাধানের পথ খুঁজে বের করব। দুশ্চিন্তা করার কোনও কারণ নেই। স্থানীয় সংস্কৃতির প্রতি সরকারের ঠিক ততটাই সম্মান রয়েছে, যতটা আপনাদের রয়েছে। এই অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মের সঙ্গে কোনও আপস না করেই আমরা এগিয়ে যাব।”
আরও পড়ুন:
সিয়াং নদীর উপর ‘এসইউএমপি’ প্রকল্প নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছে ভারতও। নয়া এই প্রকল্পে বছরে ১১০০০ মেগাওয়াট অর্থাৎ ৪৭ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ তৈরি করবে ভারত। যার মূল্য ১.৫ লক্ষ কোটি।
উল্লেখ্য, তিব্বত থেকে উৎপত্তি হওয়া ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চিন। অরুণাচল প্রদেশ থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রকল্পে যথেষ্ট উদ্বিগ্ন ভারত সরকার। ইয়ারলুং সাংপো নামে যে নদীর উপর চিন এই বাঁধ তৈরি করছে সেটির উৎপত্তিস্থল তিব্বত। এরপর অরুণাচল প্রদেশে নদীটির নাম হয়েছে সিয়াং। সেখান থেকে অসমে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নামে প্রবেশ করেছে বাংলাদেশে। ভারতের লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা পরিচালিত হয় এই নদীকে কেন্দ্র করে। আশঙ্কা করা হচ্ছে, চিন বাঁধ নির্মাণ করলে গ্রীষ্মকালে নিম্ন অববাহিকায় ৮৫ শতাংশ পর্যন্ত জল কমে আসবে। যা ভারত ও বাংলাদেশে কৃষিকাজের পাশাপাশি ধাক্কা দেবে শিল্পকেও। পাশাপাশি পলি পরিবহণ বাধাপ্রাপ্ত হবে যা পরিবেশের উপর গুরুতর প্রভাব ফেলবে। বেজিং অবশ্য জানিয়েছে, বাঁধের মূল উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন। এতে অন্য কোনও দেশের ক্ষতি করবে না। কিন্তু ভারত কোনও ঝুঁকি নিতে নারাজ। বেজিংয়ের প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখার পাশাপাশি কৌশলগতভাবে পালটা জবাবের পথ তৈরি করছে ভারত।
এই অবস্থায় সিয়াং নদীর উপর ‘এসইউএমপি’ প্রকল্প নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছে ভারতও। নয়া এই প্রকল্পে বছরে ১১০০০ মেগাওয়াট অর্থাৎ ৪৭ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ তৈরি করবে ভারত। যার মূল্য ১.৫ লক্ষ কোটি। পাশাপাশি এই প্রকল্প এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বন্যা নিয়ন্ত্রণ জলপ্রবাহের গতিপথ পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায়। আর্থিকভাবে তো বটেই ভূ-রাজনৈতিকভাবেও এই প্রকল্প অনেকখানি গুরুত্বপূর্ণ। তবে কেন্দ্রের এই প্রকল্পে তীব্র আপত্তি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বড় বাঁধ হলে বহু গ্রাম ডুববে, আদিবাসীদের জমি-জীবিকা হারাবে। তবে সরকারের যুক্তি, তিব্বতে চিন যে বাঁধ বানাচ্ছে, তার সম্ভাব্য প্রভাব ঠেকাতেই এই জাতীয় প্রকল্প জরুরি।
এই অবস্থায় স্থানীয়দের তরফে বিক্ষোভের নেতৃত্বে দিচ্ছে সিয়াং ইনডিজেনাস ফার্মার্স ফোরাম ও আদি বানে কেবাং ইউনাইটেড। শুক্রবার স্থানীয়দের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি পাঠিয়ে প্রকল্প বাতিল, প্রি-ফিজিবিলিটি রিপোর্টের কাজ বন্ধ, গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীদের মুক্তি, এফআইআর প্রত্যাহার ও গত মাসে হিংসায় ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। এই টালমাটাল পরিস্থিতিতে অমিত শাহ স্থানীয়দের রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, তাঁদের উদ্বেগ রাজ্য সরকারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পৌঁছে দেওয়া হোক। সরকার মানুষকে আস্থার সঙ্গে কোনও আপস না করেই এগিয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
