সাগর বাগচী, শিলিগুড়ি: আর কয়েকমাস পর কারও মাধ্যমিক পরীক্ষা, কারও উচ্চমাধ্যমিক। কিন্তু পড়াশোনা করবে কী। বইয়ের পাতাই তো খুলতে পারছে না সন্তোষ, শেফালি, অঙ্কিতারা।
কেন? এক্ষেত্রেও দায়ী সেই গত দু’দিনের অতিভারী বৃষ্টিপাত আর মহানন্দার জল। শনিবার রাতের বৃষ্টিতে পোড়াঝাড় রাধাকৃষ্ণপল্লির একাধিক ঘরে নদীর জল ঢুকে গিয়েছিল। জলকাদায় নষ্ট হয়ে গিয়েছে তাদের বইখাতা। তাই লক্ষ্মীপুজোর সকালে মন খারাপ সেই এলাকার পড়ুয়াদের। শনিবার রাতে পড়াশোনার পর বইগুলি ঘরের ছোট্ট তাকে রেখে ঘুমিয়েছিল শক্তিগড় বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির ছাত্র সন্তোষ রায়। পাশেই রাখা ছিল সন্তোষের দিদি, সূর্য সেন কলেজের ছাত্রী শেফালির বইগুলোও। ওইদিন মহানন্দার জল ঢুকে সন্তোষ ও শেফালির সমস্ত বই নষ্ট হয়ে যায়। সোমবার দুপুরে ঘর থেকে সন্তোষ যখন সেই বইগুলি বের করে রোদে শুকোনোর জন্য দিচ্ছিল, কাদায় খোলা যাচ্ছিল না একটি পৃষ্ঠাও। আবার কীভাবে পড়াশোনা করবে ভেবে পাচ্ছে না তারা।
সন্তোষের কথায়, ‘সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা। নদীর জল ঢুকে পড়ায় তখন মেঝে থেকে বই তুলে বিছানার ওপর রেখেছিলাম। কিন্তু বিছানার ওপরও যখন জল উঠে যায়, সেগুলি কোথাও রাখার জায়গা ছিল না। প্রাণ বাঁচাতে জিনিসপত্র ছেড়ে টিনের চালে ওঠে পড়েছিলাম আমরা। কিন্তু বইগুলিকে আর বাঁচানো যায়নি।’
শুধু সন্তোষ বা শেফালি নয়, ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের ওই এলাকার বহু পড়ুয়ার বইও নষ্ট হয়ে গিয়েছে। সকলেরই সামনে পরীক্ষা। পড়াশোনা হবে কী করে, ভেবেই আকুল তারা। শক্তিগড় বালিকা বিদ্যাপীঠের দশম শ্রেণির অঙ্কিতা সাহা, তরাই তারাপাদ আদর্শ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির পীযূষ সাহাদের বইগুলিও আজ জলের তলায়। ওদের বাবা, পেশায় ইলেক্ট্রিকমিস্ত্রি প্রসাদ সাহা বললেন, ‘ছেলেমেয়েদের বইখাতা জলকাদায় সব শেষ। এখন কারও কাছ থেকে বইখাতা যদি পাওয়া যায় তাহলে ভালো হয়। এই বইগুলি শুকোলেও আর পড়া যাবে না। এখন নতুন বই কেনারও ক্ষমতা নেই। জানি না কী করব।’
একদিনের বানভাসিতে শক্তিগড় বালিকা বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী অপর্ণা রায়ের সমস্ত বইও ভিজে নষ্ট হয়ে গিয়েছে। অপর্ণার কথায়, ‘সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে। অনেক টাকার বই ছিল। বইগুলি নতুন করে কেনা ছাড়া উপায় নেই।’
The publish সামনেই পরীক্ষা, মহানন্দায় ভাসল বই appeared first on Uttarbanga Sambad.
