প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: বর্ধমানে সাফাই কর্মীদের পা ধুইয়ে এবং তাঁদের সঙ্গে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করলেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র (Moumita Biswas Mishra)। শুক্রবার বর্ধমানের টাউন হলে ৬ নম্বর ওয়ার্ডের পুরকর্মীদের সঙ্গে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) অতীতে শ্রমিকদের পা ধুইয়ে সম্মান জানিয়েছিলেন। সেই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়েই তিনি নিজের জন্মদিনে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, প্রতিদিন শহর পরিচ্ছন্ন রাখার কাজে সাফাই কর্মীরা নিরলস পরিশ্রম করেন। অথচ তাঁদের কাজের সঠিক মূল্যায়ন না হয়ে অনেক সময় অভিযোগ ওঠে। সমাজে তাঁদের অবদানের স্বীকৃতি ও যথাযথ মর্যাদা দেওয়া প্রয়োজন বলেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক হওয়ার পর থেকেই তিনি সাফাই কর্মীদের জীবনযাত্রা, স্বাস্থ্য ও সামাজিক সম্মান নিয়ে ভাবনাচিন্তা করছেন।
মন্ত্রীর হাত থেকে এমন অপ্রত্যাশিত সম্মান পেয়ে আপ্লুত পুরসভার কর্মীরা। সাফাইকর্মী পারু মাঝি ও স্বপন কুমার দাস জানান, রোদ-বৃষ্টি উপেক্ষা করে তাঁরা কাজ করলেও সচরাচর এমন স্বীকৃতি মেলে না। খোদ মন্ত্রীর থেকে এই সম্মান পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানের আয়োজক সুধীর রঞ্জন সাউ জানান, সাফাই কর্মীদের সামাজিক অবদান ও কাজের গুরুত্ব তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
The publish সাফাই কর্মীদের পা ধুইয়ে জন্মদিন পালন করলেন রাজ্যের মন্ত্রী appeared first on Uttarbanga Sambad.
