সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ভারত সফর ঘিরে একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। সেই তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির আগ্রা সফর আচমকাই বাতিল হয়ে গেল। তার পরিবর্তে রবিবার দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন করবেন মুত্তাকি। ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে এবার সেখানে মহিলা সাংবাদিকদেরও প্রবেশাধিকার দেওয়া হবে বলে জানা গিয়েছে।
রবিবার তাজমহল-সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার কথা ছিল মুত্তাকির। কিন্তু সফরের কয়েকঘণ্টা আগেই সেই পরিকল্পনা বাতিল হয়ে গেল। উল্লেখ্য, মুত্তাকিকে স্বাগত জানাতে যাওয়া মৌলবির স্ত্রী এবং সন্তানদের খুন করা হয়েছে উত্তরপ্রদেশে। তার পরের দিনই বাতিল হল তালিবান বিদেশমন্ত্রীর আগ্রা সফর।
