সংসদীয় রাজনীতিতে যে কোনও সঙ্কট সামলে দেওয়ার দক্ষতা ছিল তাঁর! ট্রাবলশ্যুটার বা ক্রাইসিস ম্যানেজার হিসাবে ভারতীয় রাজনীতির অলিন্দে ছিল প্রণব মুখোপাধ্যায়ের পরিচিতি। যে কোনও কঠিন পরিস্থিতি কূটনৈতিক বুদ্ধির জোরেই তিনি সামলে দিতেন। তাঁর মৃত্যুর পর কেটে গিয়েছে কয়েকটা বছর। নতুন করে ফের একবার চর্চায় তিনি। সৌজন্যে সোনিয়া গান্ধীর প্রকাশিত আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’। যেখানে দাবি করা হয়েছে, ২০১০ সালে সোনিয়া গান্ধীর কাছে প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন প্রণব। এহেন দাবি ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। সত্যিই কি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণববাবু? এক্ষেত্রে সোনিয়া গান্ধীর সঙ্গেই কার্যত একমত কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তাঁর কথায়, কিছু কিছু ক্ষেত্রে আমারও মনে হয়েছে প্রণববাবু প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। এই বিষয়ে মুখে না বললেও বারবার তাঁর কথায় সেটা মনে হয়েছে বলে মন্তব্য কংগ্রেস নেতার। এক্ষেত্রে আন্না হাজারের দীর্ঘ আন্দোলন এবং অন্ধ্রপ্রদেশ ভেঙে যখন তেলেঙ্গানা হল, সেই সময়কার পরিস্থিতির কথা তুলে ধরেছেন তিনি।
সোনিয়া গান্ধীর বই’য়ে লেখা বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
আরও পড়ুন:
বই প্রকাশ্যে আসতে বিজেপি নেতৃত্ব সোনিয়াকে নিশানা করছে। এর জবাব কংগ্রেস নেতারা তাঁদের মতো করে দিয়েছেন। প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য এখানেই বলছেন আন্না হাজারের সময়ের ঘটনার কথা। ইউপিএ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে আন্না হাজারে দেশজুড়ে থরহরি কম্প ধরিয়ে দিয়েছিলেন। প্রদীপবাবুর কথায়, “সেই সময় প্রণববাবু সেই ক্রাইসিস কীভাবে সামলানো যেত তার কৌশল বলেছিলেন।” কিন্তু তিনি প্রধানমন্ত্রী হলে সেই ক্রাইসিস কীভাবে মেটানো যেত সেইভাবে কি কিছু বলেছিলেন? “কখনওই না”– প্রদীপবাবু বলছেন, “কখনওই সেসব বলতেন না, কখনওই তাঁর হয়ে প্রণববাবু কারও কাছে ওকালতি করার কথা বলেননি। তবে এটা বলতেন যে, এই ক্রাইসিস অন্যভাবে ম্যানেজ করা যেত। এমন কিছু উপায়ের কথা বলতেন যেগুলো তাঁর মাথা থেকেই বেরনো সম্ভব ছিল। ফলে সেই সমস্যা আরও আগে আরও সহজে মিটিয়ে ফেলা যেত। কিন্তু এটা বলেননি যে, তিনি ওই জায়গায় থাকলে এটা করতেন।
অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্পর্কে সেই অসম্মানের কথা কখনও তিনি বলেননি, বরং পারস্পরিক সুসম্পর্ক বজায় ছিল দুজনের মধ্যে।” প্রদীপবাবুর কথায়, “এই কথাগুলি থেকেই আমরা বুঝতাম প্রণবদার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনা ছিল।” অন্ধ্রপ্রদেশ রাজ্য ভাগের সময়ও যে সমস্যা সামনে এসেছিল, তা সামলাতে শেষপর্যন্ত প্রণববাবুর উপরই দায়িত্ব বর্তেছিল বলে মনে করান প্রদীপবাবু। সঙ্গে বলেন, “মনে রাখতে হবে প্রণববাবু যখন দেশের অর্থমন্ত্রী, তখন মনমোহন সিং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। পরে সেই মনমোহন সিং-ই তাঁর প্রধানমন্ত্রী হন। কিন্তু দুজনের সম্পর্কে এতটুকু মিষ্টতার অভাব হয়নি।”
অন্যদিকে সোনিয়া গান্ধীর বই’য়ে লেখা বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এই প্রসঙ্গে তাঁর দাবি, ”সোনিয়া গান্ধী তার ভাবনার কথা লিখেছে। সেগুলোকে নানা রকম ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এগুলো তো উত্তর আমি দিতে পারব না।” এই প্রসঙ্গে অধীর জানান, ইউপিএ সরকারের সময় এমপাওয়ার্ড কমিটি তৈরি করা হত। একাধিক সেই কমিটির চেয়ারম্যান ছিলেন প্রণব বাবু। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ”সোনিয়া গান্ধী প্রণববাবুকে সবসময় বিদ্যান, জ্ঞানী এবং পণ্ডিত মানুষ হিসাবে সম্মান দিতেন। কিন্তু সেই কথা কেউ বলছেন না। বিতর্ক খুঁজে খুঁজে বের করা হচ্ছে। যেখানে একটা ভাবনার কথা সোনিয়া গান্ধী বলছেন, সেটাই এটার সঙ্গে প্রণববাবুর কোনও বিরোধ নেই।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
