উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ শুটিং চলাকালীন আচমকা অসুস্থ হয়ে মারা গেলেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা সোহেল খান (Sohel Khan)। সূত্রের খবর, মঙ্গলবার বগুড়ায় একটি ছবির শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এই দুঃসংবাদ নিশ্চিত করা হয়েছে।
ইউনিট সূত্রে জানা গিয়েছে, ‘নসিব’ নামক সিনেমার কাজের জন্য গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় ছিলেন সোহেল। বুধবার তাঁর অংশের কাজ শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ সেরে হোটেলের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। পরবর্তীতে ইউনিটের এক সদস্য তাঁকে ডাকতে গিয়ে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)।
বিজ্ঞাপনের মাধ্যমে বিনোদন জগতে পা রাখা সোহেল খান রাজনৈতিক ব্যঙ্গধর্মী জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’-এর মাধ্যমে বিপুল পরিচিতি পান। এ ছাড়া তিনি বহু নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেছেন।
The put up শুটিং চলাকালীন প্রয়াত বাংলাদেশি অভিনেতা সোহেল খান, শোকের ছায়া অনুরাগী মহলে appeared first on Uttarbanga Sambad.
