‘শামিকে দলে না রাখার কারণ বুঝতে পারছি না’, প্রাক্তন নির্বাচকের নিশানায় জাতীয় নির্বাচকরা 

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম কারিগর। অথচ সেই মহম্মদ শামিই এখন জাতীয় দলের বাইরে। বয়স ৩৬ পেরিয়েছে। চোট-পরবর্তী প্রত্যাবর্তনের পর ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলছেন। তবু ভারতীয় দলে ‘ব্রাত্য’ তারকা পেসার। তা হলে কি ধীরে ধীরে নির্বাচকদের ভাবনা থেকে মুছে যাচ্ছেন শামি? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা হয়নি অভিজ্ঞ পেসারের। এই পরিস্থিতিতে শামির পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন জাতীয় নির্বাচক দিলীপ বেঙ্গসরকার। তিনি মনে করেন কিউয়িদের বিরুদ্ধে পরের টেস্ট সিরিজে শামিকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। জাতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল ‘সাহসপুর এক্সপ্রেস’। প্রায় দেড় দশক পর ইস্ট জোনের দলীপ ট্রফি জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। এই পরিস্থিতিতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বেঙ্গসরকার বলেন, “শামিকে এত দিন ভারতীয় দলের বাইরে রাখা হয়েছে কেন, সেটা আমার কাছে পরিষ্কার নয়। ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক মঞ্চ, ও যথেষ্ট ভালো পারফর্ম করেছে। শামি মানসম্পন্ন বোলার এবং ভারতীয় দলের জায়গা পাওয়ার দাবি রাখে।”

আরও পড়ুন:

দিলীপ বেঙ্গসরকার। ফাইল ছবি।

জশপ্রীত বুমরাহর মতো একাধিক ভালো পেসার দলে থাকলেও শামির অভিজ্ঞতাকে উপেক্ষা করা উচিত নয় বলেই মনে করেন বেঙ্গসরকার। তাঁর কথায়, “বুমরাহর মতো আরও কয়েকজন ভালো বোলার দলে রয়েছেন ঠিকই। কিন্তু শামির মতো অভিজ্ঞ ক্রিকেটারকেও বাইরে রাখা উচিত নয়।” শামির ম্যাচ ফিটনেস নিয়েও পরামর্শ দিয়েছেন প্রাক্তন অধিনায়ক। তাঁর মতে, নিয়মিত ম্যাচ খেললেই শামির ফিটনেস আরও ভালো থাকবে। তিনি বলেন, “নিয়মিত বল করলে শামির ফিটনেস আরও ভালো জায়গায় থাকবে। কাজের চাপের কথা বলে ওকে ম্যাচের বাইরে রাখার যুক্তির সঙ্গে আমি সহমত নই। ফিটনেস ধরে রাখতে হলে ম্যাচ খেলতে হবে। পাশাপাশি নেটেও যত বেশি সম্ভব বল করা দরকার।”

কেবল শামি নন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবিকেও সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন বেঙ্গসরকার। গত রনজি ট্রফিতে জম্মু-কাশ্মীরের ঐতিহাসিক সাফল্যের পিছনে আকিবের অবদানের কথা তুলে ধরেছেন তিনি। বেঙ্গসরকার বলেন, “নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে শামিকে দলে রাখা উচিত। কেন ওকে বাইরে রাখা হচ্ছে, সেটা বুঝতে পারছি না। একই ভাবে আকিব নবির কথাও বলতে হবে। জম্মু-কাশ্মীরের হয়ে ও অসাধারণ পারফরম্যান্স করেছে। রনজিতে দলের সাফল্যে ওর বড় ভূমিকা ছিল।”

তিনি আরও বলেন, “রনজি ট্রফিতে ভালো পারফরম্যান্সও যদি ভারতীয় দলে নির্বাচনের মাপকাঠি না হয়, তা হলে এই প্রতিযোগিতায় ক্রিকেটারদের খেলার প্রয়োজনটাই বা কী? ওরা পরিশ্রম করছে। দলকে জেতাচ্ছে। উইকেটও নিচ্ছে। তার পরেও যদি জাতীয় দলে সুযোগ না আসে, তা হলে রনজি ট্রফিতে খেলে সময় এবং পরিশ্রম নষ্ট করার অর্থ কী? সেক্ষেত্রে বরং রনজি ট্রফিই বন্ধ করে দেওয়া উচিত।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *