২১ জুলাই শহিদ দিবস নিয়ে দড়ি টানাটানি ‘দুই’ তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে ধর্মতলায় ২১ জুলাই পালনের অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেওয়ার আবেদনের কয়েকঘণ্টার মধ্যেই আসরে নামল ‘আসল’ তৃণমূল। শনিবার সন্ধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলও শহিদ দিবস পালন করতে চেয়ে সরাসরি কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিল।
মমতাপন্থীদের কটাক্ষ করে ‘আসল’ তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেন, ‘‘যারা বিধানসভায় পরিষদীয় দলই গঠন করতে পারে না, সংখ্যাই নেই, তারা আবার কী ২১ জুলাই পালন করবে? আমরা ওই দিনটি শহিদ পরিবারগুলিকে এনে পালন করতে চাই। এতদিন নায়ক-নায়িকাদের ভিড়ে আসল শহিদ পরিবারই হারিয়ে যেত। এবার শহিদ দিবসে আমরা তাঁদের প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন করতে চাই।” শনিবার তপসিয়ার হোটেলে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করেন ঋতব্রতপন্থীরা। ছিলেন ৫০ জন কাউন্সিলরও।
