রায়গঞ্জে ছটঘাটে দুই তরুণীকে শ্লীলতাহানি ও গুলি চালানোর অভিযোগ, গ্রেপ্তার ৪

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রায়গঞ্জ: ছটপুজোর (Chhath Puja) সকালে রায়গঞ্জ শহর সংলগ্ন কাঞ্চনপল্লী ঘাট এলাকায় দুই তরুণীকে শ্লীলতাহানি এবং তাঁদের বন্ধুদের ওপর বন্দুকের বাঁট দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। দুষ্কৃতীরা আতঙ্ক ছড়াতে একাধিক রাউন্ড গুলি চালিয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় দুই তরুণী সহ চারজন জখম হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আক্রান্ত দুই তরুণীর মধ্যে একজন কোচবিহারের মেখলিগঞ্জের এবং অন্যজন রায়গঞ্জের বাসিন্দা। ভোর আনুমানিক সাড়ে চারটা নাগাদ তাঁরা পরিবার ও বন্ধুদের সঙ্গে কাঞ্চনপল্লী ছটঘাটে গিয়েছিলেন। সেই সময় একদল দুষ্কৃতী তাঁদের ওপর অতর্কিতে চড়াও হয়। এক তরুণীকে মারধর করে জামা ছিঁড়ে বিবস্ত্র করা হয় এবং অপরজনকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। আক্রান্তদের বাঁচাতে তাঁদের বন্ধুরা এগিয়ে এলে দুষ্কৃতীরা পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে তাঁদের মাথা ফাটিয়ে দেয়। ঘটনাস্থলে প্রায় ছয় রাউন্ড গুলি ছোড়া হলেও বরাতজোরে তা লক্ষ্যভ্রষ্ট হয়।

ঘটনার খবর পেয়েই রায়গঞ্জ (Raiganj) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জখম চারজনকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জিক্যাল বিভাগে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম জনি দেবগুপ্ত (কালিয়াগঞ্জ থানা এলাকা), বাপ্পা দেবনাথ ও অরিজিৎ সাহা (উভয়ের বাড়ি রায়গঞ্জ বন্দর এলাকা) এবং সৌমিত্র মল্লিক (কাঞ্চনপল্লী এলাকা)।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং অস্ত্র আইনের একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই হামলায় আরও অন্তত ১০ জন জড়িত ছিল, যারা ঘটনার পর থেকেই পলাতক। বাকিদের খোঁজে রায়গঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *