উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : রাজ্য পুলিশে (West Bengal Police) একযোগে বড়সড় রদবদল। প্রশাসনিক নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলার ৫০টি থানার ইন্সপেক্টর-ইন-চার্জ (আইসি) পদমর্যাদার আধিকারিকদের বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে নিজেদের নতুন দায়িত্বে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বুধবার রাজ্য পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রানাঘাট, কোচবিহার, বাঁকুড়া, কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং ও বসিরহাটসহ একাধিক জেলার থানাগুলোতে নতুন আইসি নিয়োগ করা হয়েছে। এই নির্দেশিকা ইতিমধ্যেই সংশ্লিষ্ট ডিআইজি, আইজি এবং পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।
গুরুত্বপূর্ণ যেসব থানায় বদল
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বাগুইআটি থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন কাজল বন্দ্যোপাধ্যায়, যিনি আগে শান্তিপুরের সিআই পদে ছিলেন। অন্যদিকে, রানাঘাট থানার আইসি পদে নিযুক্ত করা হয়েছে দেবাশিস সরকারকে। কোচবিহার কোতোয়ালি থানার দায়িত্ব দেওয়া হয়েছে চন্দননগর কমিশনারেটের ইন্সপেক্টর সুখময় চক্রবর্তীকে।
এছাড়া পুরুলিয়ার রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরাকে এসটিএফ (STF)-এর ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে এবং বাঁকুড়া সাইবার ক্রাইম থানার আইসি সুব্রত মালাকারকে রঘুনাথপুরের নতুন আইসি করা হয়েছে। সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুখাঁকেও এসটিএফে বদলি করা হয়েছে।
উত্তরবঙ্গের বিভিন্ন থানাতেও উল্লেখযোগ্য রদবদল দেখা গিয়েছে। মিরিকের আইসি নয়ন চক্রবর্তীকে বসিরহাট থানার দায়িত্ব দেওয়া হয়েছে এবং বসিরহাটের দায়িত্বে থাকা মহম্মদ ফিরোজ আলিকে বারাকপুর পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। দার্জিলিংয়ের ডিআইবি ইন্সপেক্টর ভূষণ ছেত্রীকে করা হয়েছে মিরিক থানার নতুন আইসি। রায়গঞ্জ থানার আইসি অমিতাভ দাসকেও বারাকপুর পুলিশ কমিশনারেটে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি, সিআইডির ইন্সপেক্টর প্রসেনজিৎ বিশ্বাসকে ইসলামপুর থানার আইসি হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং ইসলামপুরের বিদায়ী আইসিকে কাঁথির কোর্ট ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে।

