আলোর উৎসবে চারপাশ ঝলমলে হয়ে উঠলেও আতসবাজির গগনভেদী আওয়াজ আর বিষাক্ত ধোঁয়ায় আমজনতার প্রায় নাভিশ্বাস ওঠার জোগাড়! রবিবারই বাজির আগুনে মুম্বইয়ের এক এলাকায় বড়সড় অগ্নিকাণ্ড ঘটে। ছাড় পাননি বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীও। দিওয়ালির রাতে রকেটের আগুনে তাঁর বাড়ির সোফা পুড়ে যায়। আর সেই ছবি ভাগ করে নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বিবেক। তবে পালটা নেটভুবনের রোষানলে পড়তে হয় তাঁকেই। বিতর্ক এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষমেশ ওই প্রতিবাদী পোস্ট মুছে ফেলতে বাধ্য হন পরিচালক।
“আমরা তো রক্ষা পেলাম কিন্তু বাকি ভুক্তভোগীদের কী হবে? দীপাবলি উদযাপন করতে কে না ভালোবাসে? কিন্তু এভাবে রকেট উড়ে এসে পড়া কোনও সাংস্কৃতিক গর্বের বিষয় নয়, বরং এটা ঝুঁকিপূর্ণ।…”
আরও পড়ুন:
ঠিক কী ঘটেছে? গত ৮ নভেম্বর, রবিবার একটি রকেট অগ্নিহোত্রীর বাড়ির বারান্দায় এসে পড়ে। যার জেরে সোফায় আগুন ধরে। সেই ক্ষতিগ্রস্ত সোফার ছবি শেয়ার করে পরিচালক লিখেছিলেন, “ভাগ্যক্রমে, আমাদের পোষ্যরা সময়মতো আমাদের সতর্ক করেছিল। আর আগুন প্রতিরোধক কাপড়ের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেলাম। বরাবর এই আশঙ্কটাই করতাম। আমরা তো রক্ষা পেলাম কিন্তু বাকি ভুক্তভোগীদের কী হবে? দীপাবলি উদযাপন করতে কে না ভালোবাসে? কিন্তু এভাবে রকেট উড়ে এসে পড়া কোনও সাংস্কৃতিক গর্বের বিষয় নয়, বরং এটা ঝুঁকিপূর্ণ। আমাদের মহান সংস্কৃতি আমাদের এমন কোনও কাজ করার অনুমতি দেয় না, যার ফলে নিরপরাধ মানুষের জীবন, ঘরবাড়ি ও সম্পত্তি ঝুঁকির মুখোমুখি হয়।” এমনকী মুম্বই প্রশাসনের ব্য়বস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এহেন পোস্টের পরই বিজেপি সমর্থক পরিচালককে রোষানলে পড়তে হয়।

‘আপনাদের দলই তো বাজিসংস্কৃতিকে তোল্লাই দিচ্ছে। আরও বাজি পোড়ানোর ইন্ধন জোগাচ্ছে। আর আপনি কিনা হিন্দুদের আতসবাজি সংস্কৃতিতে বিরক্ত!’
নেটভুবনের একাংশ ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালককে খোঁচা দিয়ে লেখেন, ‘আপনাদের দলই তো বাজিসংস্কৃতিকে তোল্লাই দিচ্ছে। আরও বাজি পোড়ানোর ইন্ধন জোগাচ্ছে। আর আপনি কিনা হিন্দুদের আতসবাজি সংস্কৃতিতে বিরক্ত!’ কেউ বা ব্যাঙ্গাত্মকভাবে প্রশ্ন ছুড়েছেন, ‘আপনি কি দলবদল করে নিলেন?’ এহেন নানা কটাক্ষবাণের পরই প্রতিবাদী ওই পোস্ট মুখে ফেলতে বাধ্য হন বিবেক অগ্নিহোত্রী। পালটা নতুন পোস্টে লেখেন, “আমি আগের পোস্টটা মুছে ফেলছি। আমি কারও ক্ষোভের কারণ হতে চাই না, আবার কারও সাংস্কৃতিক বা পরিবেশগত দৃষ্টিভঙ্গিকে দুর্বল বা প্রভাবিতও করতে চাই না।” অতঃপর বিতর্কের কারণেই যে তিনি পোস্ট মুছে ফেলেছেন, তা স্পষ্ট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
