যে রাত ওঁদের ঘুমোতে দেয় না

শিক্ষা
Spread the love


  • মানিক সাহা

বনবাসের চৌদ্দ বছর পূর্ণ হয়েছে। পিতৃবিয়োগের শোক কাটিয়ে উঠেছেন শ্রীরামচন্দ্র। রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেছেন। লঙ্কার শাসনভার তুলে দিয়েছেন বিভীষণের হাতে। এবার ঘরে ফেরার পালা। চৌদ্দ বছর পর অযোধ্যায় ফিরবেন শ্রীরামচন্দ্র। অযোধ্যার প্রতিটি মানুষ তাঁকে দেখার জন্য, তাঁকে স্বাগত জানানোর জন্য উদ্বেল হয়ে অপেক্ষা করে রয়েছে।

প্রিয় যুবরাজকে বরণ করে নেওয়ার জন্য সেজে উঠেছে অযোধ্যা নগরী। প্রতিটি পথ পরিষ্কার ও সুসজ্জিত। প্রতি গৃহে নতুন রং লেগেছে। উঠোন ও বাড়ির সামনে আঁকা হয়েছে রঙিন আলপনা। ফুলের মালায় সেজে উঠেছে প্রতিটি গৃহ। বাড়ির উঠোনে, বারান্দায়, বাড়ির বাইরে, পথে জ্বালানো হয়েছে হাজার হাজার প্রদীপ। তার স্নিগ্ধ শীতল আলো অযোধ্যা নগরীকে স্বর্গের সমতুল্য করে তুলেছে। কোথাও কোনও দুঃখ নেই, কান্না নেই। চারদিকে কেবল হাসি, আনন্দ, উৎসবের আবহ। মানুষের আবেগ ও উচ্ছ্বাস বাঁধভাঙা জলের মতো সমস্ত অযোধ্যা নগরীকে ভাসিয়ে দিচ্ছে। আলোর উৎসবে মেতে উঠেছে সমস্ত ভুবন। সহস্র দীপের আলোয় আলোকিত এই উৎসবের নাম দীপাবলি।

রামচন্দ্রের অযোধ্যায় আগমন এবং দীপাবলি উৎসব উদযাপন অবশ্য চিরাচরিত উৎসব বা ঐতিহ্যের অংশ নয়। এমনকি কৃত্তিবাসী রামায়ণেও দীপাবলির উল্লেখ পাওয়া যায় না। রামচন্দ্রের আগমনে অযোধ্যা নগরী পুষ্পপল্লব এবং আলোকমালায় সজ্জিত হয়েছিল ঠিকই, কিন্তু দীপাবলি উৎসব উদযাপন করা হয়েছিল, এমন তথ্য আমরা কৃত্তিবাসী রামায়ণে পাই না। দীপাবলির উল্লেখ বরং বাল্মীকি রামায়ণে সুন্দরভাবে পাওয়া যায়।

উৎসের দিক থেকে ভিন্নতা থাকলেও বাঙালি ও অবাঙালি উভয়ই দীপাবলি জাঁকজমকপূর্ণভাবে পালন করে ভারতবর্ষজুড়ে। অবাঙালিদের কাছে দীপাবলি ধন ও ঐশ্বর্যের উৎসব। তাঁরা পুজো করেন লক্ষ্মী এবং গণেশের। বাঙালিদের ক্ষেত্রে দীপাবলি শ্যামাপুজোর সঙ্গে যুক্ত। ভূতচতুর্দশী পার করে শ্যামা মায়ের পুজো এবং তারই সঙ্গে দীপাবলি। আলোয় আলোয় সজ্জিত হয়ে ওঠে বাঙালির প্রতিটি ঘর। পূর্বপুরুষদের জন্য জ্বালানো হয় আকাশপ্রদীপ। বাঙালির কাছে দীপাবলি অন্ধকার থেকে আলোয় প্রত্যাবর্তনের উৎসব। অশুভকে পরাজিত করে শুভ ও সুন্দর প্রতিষ্ঠার ইঙ্গিত। সারা ভারতবর্ষ যখন আলোর উৎসবে মেতে ওঠে, তখন কিন্তু সাধারণ মানুষ এর পিছনে থাকা গল্পের কথা মনে রাখে না। বাঙালি ও অবাঙালি সকলে মিলে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করে এই আলোর উৎসব, দীপাবলি। ধনী-দরিদ্র সকলেই তাঁদের সাধ্যমতো আলোকমালায় সুসজ্জিত করেন তাঁদের গৃহ ও তার পারিপার্শ্বিক অংশ।

একসময় যে মাটির প্রদীপে ঘি আর সর্ষের তেলের বাতি জ্বলত, আজ তা ব্রাত্য। মাটির প্রদীপ সরিয়ে জায়গা করে নিয়েছে টুনি বালবের লাল, নীল, সবুজ, হলুদ আলো। তাদের দীপ্তি ও সৌন্দর্য প্রদীপের আলোকে ম্লান করে দেয়। সুন্দর আলোমালায় সেজে ওঠে সারা শহর, সারা নগর। কিন্তু শহরকে সুসজ্জিত করার পিছনে যে কারিগররা রয়েছেন, তাঁদের জীবন কীরকম হয়, তার খোঁজ কি কেউ রাখে! হয়তো রাখে না। তাই নিতাই বর্মন, মঙ্গল দাস, অসিত দেবনাথ, গুপি গোস্বামীর মতো আলোকসজ্জার কর্মী, ইলেক্ট্রিকের মিস্ত্রি ও কর্মীরা কীভাবে থাকেন, কী করেন, তার খোঁজ কেউ রাখে না।

নিতাই বর্মন ও মঙ্গল দাস আলোকসজ্জার কর্মী। কালীপুজো এলে ওঁদের নাওয়া-খাওয়ার সময় থাকে না। প্রতিবছর কালীপুজোর দু-চার দিন আগে মঙ্গলের দায়িত্ব আমার বাড়িতে টুনি বালবের চেন ঝুলিয়ে দেওয়া। যদিও কোনও বছরই তিনি নিজে কাজ করেন না। কারণ কাজের এত চাপ থাকে যে তিনি তাঁর কোনও এক ছেলেকে পাঠিয়ে দেন। শহরের দুটো বড় পুজোমণ্ডপের আলোকসজ্জার দায়িত্ব যে ওঁর উপর। নিজে আসবেন কী করে? একথা বলতে দ্বিধা নেই, অত্যন্ত যত্ন নিয়ে তিনি কাজ করেন। আমরা যখন দীপাবলির আলোকঝলমল শহর দেখি, কোনও সময়ে মনেই পড়ে না কী মারাত্মক ঝুঁকি নিয়ে বাঁশের বড় বড় কাঠামোর উপর চড়ে ওঁরা এই রকম অনুপম আলোকসজ্জা রচনা করেছেন। ভাবি না এক মুহূর্তের অসতর্কতার পরিণাম কী হতে পারে। এই কাজ বহু মানুষের অন্নের সংস্থান করে দেয়। অথচ কখনো-কখনো ভাগ্য মানুষকে অত্যন্ত বিড়ম্বনায় ফেলে দেয়। ছোট-বড় কত ঘটনাই তো ঘটে। ক’জন আর সেসব নিয়ে মাথা ঘামায়!

কালীপুজোর এক রাতে ঝড় উঠল। মাত্র এক ঘণ্টার মধ্যে সারা শহর অন্ধকারে ডুবে গেল। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। উৎসবের এই রাতে বিদ্যুৎ অফিসে কি কেউ আছে? আমরা যাঁরা স্ত্রী, পুত্র, কন্যাদের নিয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছিলাম একটু আগে, আমাদের কারও মাথায় ছিল না এই বিপদের সময়ে কেউ কি পরিবার-পরিজনদের ছেড়ে দায়িত্ব পালনের জন্য অপেক্ষা করে আছেন! হ্যাঁ, কেউ কেউ থাকেন। বিদ্যুৎ অফিসের লাইনম্যানেরা সতর্ক নজর রাখেন শহরের সব জায়গায়। কোথাও কোনওরকম ত্রুটি হলেই তাঁদের বেরিয়ে পড়তে হবে। তাঁদের ঘরে হয়তো আলো জ্বলেছে, কিন্তু পরিবারের মুখে সেই আলোর দীপ্তি একটু হলেও ম্লান। আর যাঁরা বাঁশের কাঠামোয় উঠে আলো জ্বালানোর তার ফেলে, বাতি লাগান, তাঁদের যে প্রাপ্য মজুরি ও সম্মান পাওয়ার কথা, তা পান না। প্রায় প্রতি বছরই উপর থেকে পড়ে গিয়ে কারও না কারও হাত-পা ভাঙে। অসুস্থ হয়ে বিছানায় শুয়ে শুয়ে বাইরে বাজি-পটকার শব্দ শোনেন, আলোর প্লাবনে ভেসে যাওয়া শহরের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু তাঁর বাইরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। আবার যে কর্মীরা সুস্থ, তাঁদের মণ্ডপ ছেড়ে যাওয়ার কোনও উপায় নেই। ফলে উৎসবের রাতে বাকিরা যখন হইহুল্লোড়ে মত্ত, তখন এই মানুষেরা জেগে থাকেন, যাতে আমাদের উৎসবের আনন্দে কোনও ব্যাঘাত না ঘটে।

গত বছরের ঘটনা। দীপাবলির আর মাত্র দু’দিন বাকি। ফোন করলাম মঙ্গলকে। বরাবরের মতো মঙ্গল জানালেন, তিনি খুব ব্যস্ত আছেন, কাউকে পাঠিয়ে দেবেন। আমি জানি, তিনি যখন বলেছেন, অবশ্যই কাউকে না কাউকে পাঠাবেন। অথচ সেদিন কেউ এল না। পরদিন সকালে মঙ্গলকে আবার ফোন করলাম। তিনি এলেন। ভারাক্রান্ত মন। জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার। মঙ্গল যা বললেন, তা শুনে মন খারাপ হয়ে গেল।

নিতাইদা মঙ্গলের মতোই আলোকসজ্জার কাজ করেন। তার আগেরদিন কলেজপাড়ার এক বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। গত দু’দিন থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। কলেজপাড়ার এক দোতলা বাড়িতে উঠে নিতাইদা টুনি বালবের চেন ঝোলাচ্ছিলেন। কিছু টুনি একটার গায়ে আর একটা লেগে জট পাকিয়ে গিয়েছিল। নিতাইদা কার্নিশে দাঁড়িয়ে সেই জট খোলার চেষ্টা করছিলেন। এমন মাঝে মাঝে করতেই হয়। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কী! জট খুলতে খুলতে পা পিছলে নীচে রাখা পাথরের উপর পড়ে যান নিতাইদা। মাথায় আর কাঁধে গুরুতর আঘাত। হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতে তাঁর মৃত্যু হয়। অন্যের বাড়ি আলো করতে গিয়ে নিতাইদার নিজের পরিবার ঘোর অন্ধকারে পড়ে রইল। তাঁর সাত বছরের ছেলে। কতকটা বুঝে, কতকটা না-বুঝে সে স্তব্ধ হয়ে আছে। আজ আর বায়না নেই। বাজি কেনার আবদার নেই। নতুন আলো লাগানোর জন্য জেদ করছে না সে। সন্ধ্যায় যখন শহরের প্রতিটি বাড়ি আলোর প্লাবনে ভেসে যাচ্ছে, তখন তাদের বাড়ির উঠোনে, তুলসীমঞ্চের সামনে, যেখানে তার বাবার মৃতদেহ শেষবার রাখা হয়েছিল, সেখানে একটা মাটির প্রদীপ টিমটিম করে জ্বলছে। প্রদীপের আলো যেন আলোয় আলোয় ভেসে যাওয়া পুরো শহরটাকে বিদ্রুপ করছে। বলছে, যে তোমাকে আলোয় সাজিয়েছে, তার বাড়িতে আজ অন্ধকার, অথচ কেউ তার খোঁজ নেয়নি। কেউ তার খোঁজ নেয় না। তাঁর ছেলে বসে আলোকময় শহরের দিকে তাকিয়ে ভাবছে না, এই আলো রামের অযোধ্যা প্রত্যাবর্তনের জন্য, নাকি শ্যামাপুজোর রাতকে আলোকিত করার জন্য। সে ভাবছে, এত আলোর মধ্যেও তাদের জীবনে আজ চরম অন্ধকার। প্রদীপের টিমটিমে আলো যে সামান্য বৃত্ত তৈরি করেছে, সেই বৃত্তে পা দিয়ে শুয়েছিল তার বাবার মৃতদেহ। কী করুণ অন্ধকার আজ তাকে ঘিরে ধরেছে। সে জানে, এই অন্ধকার দূর করার ক্ষমতা শহরের কোটি টাকার আলোকসজ্জার নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *