যমুনা দূষণ রোধে ব্যর্থ হলে রাজ্যগুলিকে দিতে হবে জরিমানা, চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ যমুনা নদীর ক্রমবর্ধমান দূষণ নিয়ন্ত্রণে রাজ্য, জেলা প্রশাসন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দায়বদ্ধতা নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট (Supreme Court docket)। নদী দূষণ রুখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রশাসনকেই দায় নিতে হবে এবং তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হবে বলে স্পষ্ট জানিয়েছে শীর্ষ আদালত। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ এই কড়া বার্তা দেয়। নদীর দূষণ প্রতিরোধে অবহেলা দেখা গেলে দোষী সরকারি আধিকারিকদের দায়িত্ব থেকে সরিয়ে তদন্তের নির্দেশও দিয়েছে আদালত।

শুনানি চলাকালীন আদালত কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা সিপিসিবি (CPCB)-কে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরি করতে বলেছে। দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওপর কত পরিমাণ জরিমানা চাপানো যেতে পারে, তার একটি হিসাব পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যারা প্রত্যক্ষভাবে নদী দূষণের জন্য দায়ী, তাদের কাছ থেকেও জরিমানা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। বেঞ্চের স্পষ্ট পর্যবেক্ষণ, বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ এবং ব্যয় সত্ত্বেও যমুনার দূষণ ক্রমাগত বাড়তে থাকা উদ্বেগজনক।

শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশ—যে সমস্ত অঞ্চলের ওপর দিয়ে যমুনা প্রবাহিত হয়ে গঙ্গায় মিশেছে, সেখানকার প্রশাসনগুলিকে নিয়মিত জলের গুণমান পরীক্ষা করতে হবে। নদীতে যাতে কোনোভাবেই অশোধিত বর্জ্যজল ও রাসায়নিক না পড়ে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচ্ছিন্নভাবে নয়, বরং যৌথ সমন্বয়ের মাধ্যমে যমুনাকে রক্ষার আহ্বান জানিয়েছে আদালত।

বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রের সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গিয়েছে, দিল্লিতে প্রবেশের পর থেকেই কলকারখানার রাসায়নিক বর্জ্য ও নিকাশির জলের কারণে যমুনার দূষণ বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানউতর অব্যাহত থাকলেও বাস্তব চিত্রে দূষণের মাত্রায় রাশ টানা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *