জিতলে লিগজয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে যেত। চারদিকের সমালোচনার যোগ্য উত্তর দেওয়া যেত। জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারত। কিন্তু ঘরের মাঠে পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে ম্যাড়মেড়ে ফুটবলে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল বাহিনী। গোটা ম্যাচ জুড়ে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি অস্কার ব্রুজোর ছেলেরা। যেটুকু করেছিল, সেটাও পাঞ্জাবের রক্ষণে গিয়ে ধাক্কা খেয়ে ফিরল। শেষমেশ যে লাল-হলুদ বাহিনী একটা পয়েন্ট ঘরে রাখতে পারল, তার সবচেয়ে বড় কারণ প্রভসুখন গিলের হাত।
যুবভারতীতে পাঞ্জাবের বিরুদ্ধে অস্কার যে দল সাজালেন, তাতে সৌভিক চক্রবর্তী কেন ছিলেন, সেই প্রশ্ন তোলাই যায়। আবার ১৫ মিনিটে হলুদ কার্ড দেখার কিছুক্ষণ পর তাঁকে তুলেও নিলেন অস্কার। মাঝমাঠ ছন্নছাড়া, হলুদ কার্ড দেখা ছাড়া সেভাবে বিশেষ কিছুই করতে পারলেন না মহম্মদ রশিদ, মিগুয়েল ফিগুয়েরারা। গোলমুখী শটেও এগিয়ে পাঞ্জাব। না মাঝমাঠে সুযোগ তৈরি হল, না গোলের কাছাকাছি পৌঁছতে পারলেন ইউসেফ এজ্জেজারিরা। রক্ষণে আনোয়ার, কেভিন সিবিল্লেরা ভরসা দিলেন। একাধিকবার দলের পতন রোধ করেন গোলকিপার প্রভসুখন গিল। কিন্তু বারবার দানি রামিরেজরা আটকে দিলেন লাল-হলুদ আক্রমণকে। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে এক পয়েন্টই সম্বল ইস্টবেঙ্গলের।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
