লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পালাবদলের পর সেই ঘটনার জল গড়ায় আদালত অবধি। খোদ বিচারপতি খোঁচা দিয়ে অরূপ বিশ্বাসকে প্রশ্ন করেছিলেন, “মেসি কি আপনার বাল্যবন্ধু?” সেই ঘটনার রেশেই ফুটবল বিশ্বকাপ ফাইনালের আগে প্রাক্তন মন্ত্রী ভবিষ্যদ্বাণী করেন, “আমার ধারণা, মেসি গোল্ডেন বুট পাবেন।” রবিবার চূড়ান্ত ম্যাচের আগে সেই মন্তব্য দাবানল গতিতে ভাইরালও হয়। সেই প্রেক্ষিতেই ফাইনালে আর্জেন্টিনার হারের পর আবারও উত্তরোত্তর কটাক্ষের শিকার হতে হচ্ছে অরূপ বিশ্বাসকে। এমন আবহে বিরোধী শিবিরের প্রাক্তন মন্ত্রীকে খোঁচা দিতে ছাড়লেন না রুদ্রনীল ঘোষও।
“দুঃখ হচ্ছে, অনেকে অনেক কিছু বলছে, বুকে পাথর চাপা দিয়ে সয়ে নিচ্ছি। আবার পরের বিশ্বকাপে দেখা হবে…”
আরও পড়ুন:
রবিবার নিজস্ব বিধানসভা কেন্দ্রে ফাইনাল ম্যাচ দেখার আয়োজন করেছিলেন রুদ্রনীল ঘোষ। সেখানেই দলীয় সদস্য, সমর্থকদের নিয়ে স্পেন বনাম আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেন বিজেপির তারকা বিধায়ক। তবে নীল-সাদা জার্সিতে মেসির ভক্ত হিসেবে গলা ফাটালেও শেষরাতে স্বপ্নভঙ্গের যন্ত্রণা! বুকে কষ্ট চেপে মেসিবাহিনির হারের নেপথ্যের কারণ জানালেন রুদ্রনীল ঘোষ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা-বিধায়কের মন্তব্য, “আমি আর্জেন্টিনার সাপোর্টার হতে পারি। মেসির ফ্যান হতে পারি, কিন্তু ব্রিলিয়ান্টলি যারা খেলেছে, তারাই জিতল। দুঃখ হচ্ছে, অনেকে অনেক কিছু বলছে, বুকে পাথর চাপা দিয়ে সয়ে নিচ্ছি। আবার পরের বিশ্বকাপে দেখা হবে, তখন নাহয় আরও কথা হবে। অনেকে বলছেন, অরূপ বিশ্বাসের সঙ্গে যদি মেসির দেখা না হত, তাহলে হয়তো রেজাল্টটা অন্যরকম হত। কী করা যাবে, দুঃখ পেয়েছি।”

গত ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই তাঁকে সামনে থেকে একঝলক দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন ফুটবলপ্রেমীরা। মোটা টাকা খরচ করে টিকিটও কেনেন। কিন্তু চূড়়ান্ত বিশৃঙ্খলার কারণে সময়ের আগেই যুবভারতী ছাড়েন মেসি। তারপর ক্ষোভে ব্যাপক ভাঙচুর চালান দর্শকরা। এই ক্ষোভের কারণ ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কারণ, ঘটনার দিন শুরু থেকে মেসির সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মেসির সঙ্গে তাঁর একাধিক ছবি-ভিডিও। তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গেও মেসির ছবি দেখা যায়। কিন্তু অব্যবস্থার অভিযোগে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয় মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্তকে। তিনি ছাড়া পেতেই অরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। বলেন, “গা জোয়ারি করে, প্রভাব খাটিয়ে মেসির কাছাকাছি চলে গিয়েছিলেন অরূপ।” সেই ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এমন আবহে আর্জেন্টিনার পরাজয়ের দায় অরূপ বিশ্বাসের উপরই চাপালেন রুদ্রনীল ঘোষ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
