মাটিয়ালির পশ্চিম বাতাবাড়িতে রাস্তার পাশে চিতাবাঘের দেখা, ভিডিও ঘিরে এলাকায় আতঙ্ক

শিক্ষা
Spread the love


চালসাঃ জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি (Paschim Batabari) এলাকায় রাস্তার ধারে চা বাগানে চিতাবাঘ দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রাতের অন্ধকারে রাস্তার পাশের ঝোপে চিতাবাঘটি বসে থাকার দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই এলাকার কয়েকজন তরুণ বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। বাতাবাড়ি চা বাগানের ১০ নম্বর সেকশনের কাছে পৌঁছলে বাইকের হেডলাইটের আলোয় চা গাছের আড়ালে এক চিতাবাঘকে ঘাপটি মেরে বসে থাকতে দেখা যায়। দৃশ্যটি দেখে তাঁরা বাইক থামিয়ে দেন এবং মোবাইল ক্যামেরায় চিতাবাঘটির ছবি তোলেন। কিছু সময় পর বন্যপ্রাণীটি চা বাগানের ভেতরের দিকে চলে গেলে তাঁরা এলাকা ছাড়েন।

বাসিন্দাদের বক্তব্য, এই রাস্তাটি এলাকার মানুষের দৈনন্দিন চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চা বাগান সংলগ্ন এই অঞ্চলে অতীতেও একাধিকবার চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, এমনকি প্রায় এক বছর আগে এখান থেকে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়েছিল। ফের লোকালয়ের লাগোয়া রাস্তায় বন্যপ্রাণীর আনাগোনায় বিশেষত নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাঁদের নজরে রয়েছে। রাতের বেলা চা বাগান সংলগ্ন রাস্তা ধরে চলাচলের সময় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং একা যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বনকর্মীরা এলাকায় নজরদারি চালাচ্ছেন বলে জানা গিয়েছে।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *