রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যদের চাকরি আশ্বাস আগেই দিয়েছিল রাজ্য। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে গ্রপ ডি পদে চাকরির জন্য মিলবে ফর্ম। নবান্ন সূত্রে খবর, যেখানে হিংসার ঘটনাটি ঘটেছে, সেই জেলার জেলাশাসকের দপ্তরে এই ফর্ম পাওয়া যাবে। জেলাশাসকের কাছে আবেদনপত্র জমা দিতে হবে। ফর্ম পাবেন ৭ ডিসেম্বর পর্যন্ত।
মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর পাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, গত ২৫ বছরে রাজনৈতিক হিংসায় রাজ্যে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেবে রাজ্য সরকার। এই নীতিগত সিদ্ধান্ত কার্যকর করতে জেলাশাসকদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিল নবান্ন। গত ৩০ অক্টোবর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে জানানো হয়েছিল, ‘ওয়েস্ট বেঙ্গল স্কিম ফর প্রোভাইডিং গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট (গ্রুপ ডি পোস্ট) টু ওয়ান এলিজিবল ফ্যামিলি মেম্বার অফ দ্য ভিক্টিমস কিলড ইন পলিটিক্যাল ভায়োলেন্স, ২০২৬’, এই প্রকল্পের অধীনে ২০০১ সালের ১ জানুয়ারি বা তার পরে ঘটা রাজনৈতিক হিংসার ঘটনায় নিহতদের ক্ষেত্রে এই প্রকল্প প্রযোজ্য হবে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞাপনে জানানো হয়েছে, জেলাশাসকের দপ্তর থেকে ‘ফর্ম-এ’ পূরণ করে জমা দিতে হবে। স্বরাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকল্পের বিস্তারিত দেখে নিতে পারবেন আবেদনকারীরা।
আরও পড়ুন:
নবান্ন সূত্রে খবর, রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্য গ্রপ ডি পদে চাকরি পাবেন। বিভিন্ন সরকারি দপ্তর, ডারেক্টরেট ও কালেক্টরেটে গ্রুপ ডি পদে নিয়োগ হবে। নিয়োগের ক্ষেত্রে অতি অবশ্যই রাজনৈতিক হিংসার কারণে মৃত্যুর বিষয়টি ‘ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট’ বা ‘এফআইআর’, চার্জশিট এবং আদালতের মাধ্যমে গঠিত চার্জের ভিত্তিতে বিবেচিত হবে। আবেদন বাছাইয়ের জন্য রাজ্য সরকার গঠিত কমিটি বিষয়টি খতিয়ে দেখবে। আবেদনকারীর গ্রুপ-ডি পদের জন্য নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (অষ্টম শ্রেণি উত্তীর্ণ বা সমতুল্য) থাকতে হবে। তবে পরিবারের পরিস্থিতির কথা বিবেচনা করে, ‘জেলা স্তরের বাছাই কমিটি’ রাজ্য সরকারের কাছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিথিলতার সুপারিশ করতে পারে। তবে আবেদনের দিন ক্ষতিগ্রস্ত পরিবারের মাসিক আয় ৫০ হাজার টাকার বেশি হলে, পরিবারের কোনও সদস্য নিয়মিত সরকারি চাকরিতে নিযুক্ত থাকলে অথবা পরিবারের কোনও সদস্য আয়কর প্রদান করলে সেই আবেদন বিবেচিত হবে না। একই ঘটনার প্রেক্ষিতে পরিবারের কোনও সদস্য ইতিমধ্যে কোনও ‘কমপ্যাশনেট’ নিয়োগ বা সরকারি চাকরি পেয়ে থাকেন, তবে এই প্রকল্পের অধীনে আর কোনও সুবিধা মিলবে না।
প্রতিটি জেলায় একটি জেলাস্তরের স্ক্রিনিং কমিটি গঠন করা হচ্ছে। কমিটির সভাপতি হবেন জেলা ম্যাজিস্ট্রেট। এছাড়া, পুলিশ সুপার (কলকাতা পুলিশের আওতাধীন এলাকার ক্ষেত্রে ডেপুটি কমিশনার অফ পুলিশ) এবং স্বরাষ্ট্র দপ্তরের মনোনীত প্রসিকিউশন বিভাগের একজন আধিকারিক এই কমিটির সদস্য হিসেবে থাকবেন। কমিটি নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে প্রতিটি আবেদনপত্র পরীক্ষা ও যাচাই করবে এবং প্রয়োজনে প্রয়োজনীয় অনুসন্ধানও চালাবে। রাজ্যস্তরের কমিটির সভাপতি হবেন স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব/প্রধান সচিব। সদস্য হিসেবে থাকবেন আইন ও অর্থ দপ্তরের আধিকারিক, ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনার। জেলাস্তরের স্ক্রিনিং কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও আপিল থাকলে, এই কমিটি তা বিবেচনা করবে। জেলাস্তরের কমিটি আবেদনপত্র পাওয়ার ৯০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে এবং সুপারিশ স্বরাষ্ট্র দপ্তরের কাছে পাঠাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
