প্রধান বিচারপতি সূর্য কান্তকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সুপ্রিম কোর্টের এজলাস থেকে বের করে দেওয়া হল আইনজীবীকে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোমবার দেশের সর্বোচ্চ আদালত (Supreme Courtroom) সাক্ষী থাকল এক নজিরবিহীন বিশৃঙ্খলার। বিচারব্যবস্থার গরিমা ও প্রথাগত নিয়ম ভেঙে খোদ ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Chief Justice Surya Kant) ব্যক্তিগত আক্রমণের জেরে চরম উত্তেজনা ছড়াল সুপ্রিম কোর্টে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, তড়িঘড়ি আদালতের লাইভ অডিয়ো ও ভিডিয়ো সম্প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। লাইভ-ল (LiveLaw) সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উপস্থিত আইনজীবীরা জানিয়েছেন, বেনজির আচরণের জন্য শেষমেশ ওই আইনজীবীকে এজলাস থেকে বের করে দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত দুপুর ২টো নাগাদ। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে হঠাৎই ওই আইনজীবী উপস্থিত হন। সাধারণ আইনি প্রক্রিয়া অমান্য করার জন্য প্রথমে ক্ষমা চেয়ে তিনি তাঁর জমা দেওয়া কিছু নথি খতিয়ে দেখার জন্য বিচারপতিদের কাছে আর্জি জানান। তাঁর বক্তব্য ছিল, গত ২ নভেম্বর তিনি প্রধান বিচারপতির দপ্তরে কাগজপত্র জমা দিলেও এখনও পর্যন্ত কোনও উত্তর পাননি। জানা গিয়েছে, ওই আইনজীবীর বিরুদ্ধে চলা একটি আদালত অবমাননা মামলার বিষয়েই এই জরুরি শুনানির দাবি ছিল তাঁর। পরিস্থিতি সামাল দিতে প্রধান বিচারপতি তাঁকে বলেন, ‘আমরা বিষয়টি দেখব, আপনি একটু অপেক্ষা করুন।’ কিন্তু বিন্দুমাত্র শান্ত হতে রাজি ছিলেন না ওই ব্যক্তি। চরম ক্ষোভে তিনি সরাসরি প্রধান বিচারপতির উদ্দেশে বলে ওঠেন, ‘আপনি ওই চেয়ারে বসার যোগ্য নন। আপনার সেই সততা নেই!’ এরপর সম্প্রচার বন্ধ করে তাঁকে বের করে দেওয়া হলে, উপস্থিত অন্যান্য আইনজীবীরা অবিলম্বে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপের আর্জি জানান।

আদালত কক্ষে বিচারকদের প্রতি এহেন আক্রমণাত্মক আচরণের ঘটনা সাম্প্রতিককালে ক্রমশ বাড়ছে। গত জুলাই মাসের পর থেকে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের বিরুদ্ধে এ ধরনের অবমাননাকর মন্তব্যের এটি দ্বিতীয় ঘটনা। জুলাই মাসে প্রবল প্রতাপ নামে এক ব্যক্তি (যিনি নিজেই নিজের মামলা লড়ছিলেন) প্রধান বিচারপতি ছাড়া অন্য একটি বেঞ্চে ঠিক এভাবেই বিঘ্ন ঘটিয়েছিলেন। তিনি এজলাসে দাঁড়িয়ে উদ্ধতভাবে বলেছিলেন, “মিস্টার জুডিশিয়াল সার্ভেন্ট, আমি আপনাকে লখনউয়ের এসিসিপি-র বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিচ্ছি।” হতবাক বিচারপতি কেভি বিশ্বনাথন সেসময় প্রশ্ন করেন, ‘আপনি আমাকে নির্দেশ দিচ্ছেন? আপনি আমাদের নির্দেশ দিচ্ছেন?’ পরবর্তীতে প্রধান বিচারপতি সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করেন প্রতাপ। তবে তাঁর শারীরিক অবস্থা ও মানসিক অস্থিরতার কথা বিবেচনা করে সেবার আদালত অবমাননার মামলা দায়ের করা থেকে বিরত ছিল বেঞ্চ।

এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসেও সর্বোচ্চ আদালতের অন্দরে এক ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল। মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির চত্বরে ভগবান বিষ্ণুর একটি ক্ষতিগ্রস্ত মূর্তি পুনরুদ্ধার সংক্রান্ত মামলার শুনানিতে তৎকালীন প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের কিছু মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ৭১ বছর বয়সি আইনজীবী রাকেশ কিশোর তাঁর দিকে জুতো ছোড়ার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি ওই প্রবীণ আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার প্রক্রিয়া শুরুর আইনি সম্মতি দিয়েছিলেন। একের পর এক এমন ঘটনা আইনি মহলে কোর্টরুমের নিরাপত্তা ও শালীনতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *