আইএসএলের ইতিহাসে এই প্রথমবার ইউটিউবে ম্যাচের সরাসরি সম্প্রচার হচ্ছে। আর তাতেই তৈরি হয়েছে নতুন নজির। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই সাড়ে ৬ কোটি মানুষ ইউটিউবে দেখে ফেলেছেন আইএসএলের ম্যাচ। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই মত আইএসএল কর্তাদের। তাঁদের উদ্দেশ্য ছিল, ফুটবলকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপাতত সেই লক্ষ্য পূরণ হয়েছে।
১০ অক্টোবর থেকে শুরু হয়েছে আইএসএল। বেঙ্গালুরু এফসি বনাম স্পোর্টিং ক্লাব ম্যাচ দিয়ে মেগা টুর্নামেন্ট শুরু হয়েছে। তবে এখনও ইস্টবেঙ্গল খেলতে নামেনি আইএসএলে। জানা গিয়েছে, টুর্নামেন্টের প্রথম ম্যাচটিই প্রায় ৯০ লক্ষ মানুষ দেখেছেন। তার মধ্যে রয়েছে ইউটিউবের ৮৫ হাজার ভিউ। হিন্দি এবং ইংরাজি দুই ভাষাতেই সম্প্রচার হচ্ছে। ইংরাজিতে কেরালা ব্লাস্টার্স বনাম ইন্টার কাশী ম্যাচটি সাড়ে তিন লক্ষ ভিউ হয়েছে, এটাই সর্বোচ্চ। হিন্দিতে সর্বোচ্চ ভিউ হয়েছে মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ। লক্ষাধিক ভিউ হয়েছে এই ম্যাচে।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত মরশুমে আইএসএলের সম্প্রচার নিয়ে যথেষ্টই সমস্যা দেখা গিয়েছিল। তারপর ফেডারেশন-ক্লাবজোট যৌথ মডেলে শুরু হয় এবারের আইএসএল। টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যেতে নতুন সিইও নিয়োগ করা হয়েছে। গত মরশুমে এফএসডিএল সরে যাওয়ার পর আইএসএল আয়োজনে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল ফেডারেশনকে। দ্বারস্থ হতে হয়েছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর। শেষ পর্যন্ত সিঙ্গল লেগে হয়েছিল দেশের সেরা ফুটবল প্রতিযোগিতাটি। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রথম থেকেই সতর্ক ফেডারেশন কর্তারা।
তাঁরা সিদ্ধান্ত নেন, কেবল ভারত নয় বিশ্বের সমস্ত প্রান্তের ফুটবলপ্রেমীদের কাছে আইএসএল পৌঁছে দেওয়া হবে। ঘোষণা করা হয়, এবারের আইএসএলে ১৬৩টি ম্যাচ খেলা হবে। প্রত্যেকটি ম্যাচই ইউটিউবে সম্প্রচারিত হবে। সাবস্ক্রিপশন ছাড়া একেবারে বিনামূল্যে খেলা দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। ভারতের পাশাপাশি গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা ইউটিউবে আইএসএলের ম্যাচ দেখতে পাবেন। পাশাপাশি টিভিতে সোনি নেটওয়ার্ক এবং সোনি লিভ অ্যাপেও দেখা যাবে টুর্নামেন্ট। তাতেই মিলেছে দারুণ সাড়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
