মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছিলেন, মুর্শিদাবাদের বাবর নামাঙ্কিত কোনও মসজিদ করা যাবে না। সেই নামেই করা হলে মিলবে না পারমিশন। সেই হুঁশিয়ারির পর নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। জানালেন, রাজ্যের প্রশাসনিক প্রধান না চাইলে তাঁর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে।
ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে নতুন দল তৈরি করেন হুমায়ুন। আম জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল তৈরি করে ভোটযুদ্ধে নামেন। তখন বলেছিলেন, বাররি মসজিদ বানাবেন। সেই সময় রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে। মুর্শিদাবাদে মসজিদ তৈরির কাজও শুরু হয়। ২ নভেম্বর বেলডাঙায় বাবরি মসজিদ প্রাঙ্গণে আয়-ব্যয়ের হিসেবনিকেশ সংক্রান্ত সভায় হুংকার দিয়ে জানান, ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করবেন। প্রশাসনের ক্ষমতা থাকলে আটকে দেখাক। এরপরই বুধবার মুখ্যমন্ত্রী বলেন, “অনেক কৃতী মানুষ আছেন মুর্শিদাবাদের। তাদের নামে বানাতে পারেন। কিন্তু বাবরের নাম যদি থাকে তাহলে প্ল্যান বা পারমিশন কিছু মিলবে না। এই নির্দেশ জেলার ডিএমকে স্পষ্টভাবে দেওয়া রয়েছে।”
আরও পড়ুন:
তারপরই বৃহস্পতিবার সকালে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন হুমায়ুন। তিনি বলেন, “উনি রাজ্যের প্রশাসনিক প্রধান। যদি বাবরি নাম না চান, তার ইচ্ছাকে মান্যতা দিতেই হবে।” হুমায়ুনের পালটা দিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, “বারবি মসজিদ তো হবেই না। ও দিনে কিছু বলেন, রাতে অন্য কিছু বলেন। পাগলের প্রলাপ। বলেছিল দুবাই চলে যাবে।” কটাক্ষ করে বলেন, “ওঁর কোনও মন্তব্যের প্রতিক্রিয়া চাইবেন না। বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেন। আমার প্রতিক্রিয়ার কোনও মূল্য থাকে না তখন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
