বাড়ি বাড়ি বই বিলি সিপিএমের, ‘দুয়ারে বুক স্টল’ দিয়েই পুরভোটের জমি তৈরি করছে আলিমুদ্দিন?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


দুর্গাপুজো ও কালীপুজোর সময় বামেদের বইয়ের স্টল ভাঙচুর ও বই পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর কম হয়নি। এই আবহে এবার সরাসরি জনসংযোগের নতুন কৌশল নিয়েছে সিপিএম। ‘ঘরে ঘরে বুক স্টল’ বা ‘দুয়ারে বুক স্টল’ কর্মসূচির মাধ্যমে বই হাতে মানুষের বাড়ি বাড়ি ও দোকানে পৌঁছে যান বাম নেতাকর্মীরা।

​রবিবার দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি বাজারে বই হাতে প্রচারে নামেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। বাজারের বিভিন্ন দোকান ও পাড়ায় ঘুরে সাধারণ মানুষের হাতে বই তুলে দেন। তাঁর দাবি, হামলা ও বাধার মুখে পড়েও এবারের পুজোয় তাঁদের স্টল থেকে মোট ১ কোটি ৫৩ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। তিনি বলেন, “স্টল ভেঙে বা বই পুড়িয়ে মানুষের পড়ার খিদে ও চেতনা রোখা যাবে না। বরং লাঠি বা অস্ত্রের বিরুদ্ধে বই ও মানুষের সচেতনতাই বামেদের সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার।”

আরও পড়ুন:

এদিন যাদবপুরেও বামেদের এই কর্মসূচি পালন করা হয়। দু’টি স্লোগান শোনা যায়, ‘বুলডোজারকে করল দূর, বইয়ের পাশে যাদবপুর’ এবং ‘হাতে হাতে বই, পাড়ায় পাড়ায় সিপিএম’। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিনেতা দেবদূত ঘোষ, স্থানীয় বাম নেতৃত্ব এবং ছাত্রযুবরা। অভিনেতা দেবদূত ঘোষ বলেন, “যারা অন্যায়কারী, তারা চায় না মানুষের জ্ঞানের প্রসার ঘটুক। তাই আমাদের বুকস্টলের উপর আক্রমণ নেমে এসেছে। কিন্তু আমরা পিছু হটিনি। বরং তার বিরুদ্ধে লড়াই হয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে বই গ্রহণ করেছে। তাই আজ পাড়ায় পাড়ায় আমাদের ভ্রাম্যমাণ বুকস্টল।” কর্মী-সমর্থকদের দাবি, এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বই কিনেছেন, কেউ কেউ আবার বইয়ের বদলেও বই তুলে দিয়েছেন। ​রাজনৈতিক মহলের মতে, এভাবেই পুরভোটের আগে বুক স্টল ভাঙচুরের ঘটনাকে ঘিরে তৈরি হওয়া জনমতকে নিজেদের পক্ষে টানতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। সে কারণেই এমন উদ্যোগ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *