বমি ও পেটের সমস্যা হয়েছিল দু’মাসের শিশুকন্যা। তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করে পরিবার। হাসপাতালে সন্তানকে স্যালাইন ও একটি ইঞ্জেকশন দেওয়া হয়। ব্যস! তারপর আর কোনও চিকিৎসা হয়নি বলে অভিযোগ। পরিবারের দাবি, বারবার নার্সদের বলেও লাভ হয়নি, দেখা মেলেনি চিকিৎসকেরও। তাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু শিশুকন্যার। অবহেলা ও সময়মতো যথাযথ চিকিৎসা না মেলার কারণেই মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলল পরিবার। ঘটনায় উত্তেজনা হাসপাতালে। সুপারের কাছে অভিযোগ দায়ের পরিবারের।
ধুবুলিয়ার বনগ্রামের বাসিন্দা বিকাশ কীর্তনিয়া। বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা ৫০ মিনিট নাগাদ দু’মাসের শিশুকন্যা রসনি কীর্তনিয়াকে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করে পরিবার। বমি ও পেটের সমস্যা নিয়ে শিশুটিকে ভর্তি করা হয়। সেই সময় হাসপাতালে ছিলেন চিকিৎসক শান্তনু ঘোষ। বিকাশের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর শিশুটিকে স্যালাইন ও একটি ইঞ্জেকশন হয়। কিন্তু পরে প্রয়োজনীয় চিকিৎসা মেলেনি। একবার দেখে যাওয়ার পরশ আর চিকিৎসকের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ।
আরও পড়ুন:
পরিবার আরও জানিয়েছে, মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁরা কলকাতার কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তার অনুমতি দেয়নি বলে অভিযোগ। মেয়ের সম্পর্কে জানতে চাইলে তাঁকে তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ বাবা বিকাশের। তাঁর আরও অভিযোগ, শিশুর অবস্থা সংকটজনক হওয়ার পর অক্সিজেনের পাইপ ও মাস্ক বাইরে থেকে আনতে বলা হয়। তিনি সেগুলি জোগাড় করে দিলেও শেষরক্ষা হয়নি।
এই ঘটনার পরই হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার। দোষীদের বিরুদ্ধে কঠোর সাজার আবেদন করা হয়েছে। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনও উত্তর মেলেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
