ফের হতাশ করলেন মনু ভাকের, এশিয়াড পদক নিশ্চিত করলেন লভলিনা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


শুটিংয়ে ফের হতাশা ভারতের। মহিলাদের ২৫ মিটার পিস্তলের দলগত ইভেন্টে চিনের কাছে সামান্য ব্যবধানে হেরে পদকের দৌড় থেকে ছিটকে গেল ভারত। একটা ভুলই যাবতীয় সম্ভাবনা শেষ করে দিল। চিনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে দলগত সোনাজয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু অভিজ্ঞ শুটার রাহি স্বর্ণবতের একটি ভুলেই ভেস্তে গেল সেই স্বপ্ন। খালি হাতে ফিরতে হল মনু ভাকেরকে।  

প্রিসিশন রাউন্ডে আশানুরূপ ফল না হলেও র‍্যাপিড রাউন্ডে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ভারতের। প্রথমে নামেন প্যারিস অলিম্পিকের পদকজয়ী মনু ভাকের। র‍্যাপিডে ৯৭, ৯৬ এবং ৯৯ স্কোর করলেও প্রিসিশনের ঘাটতি পূরণ করতে পারেননি তিনি। মোট ৫৭৯ পয়েন্ট নিয়ে ব্যক্তিগত বিভাগে ১১ নম্বরে শেষ করেন মনু। কাট-অফ থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকায় ফাইনালে ওঠা হয়নি তাঁর। এর পরেই আসে রাহির পালা। দলগত সোনার লড়াইয়ে তাঁর নিয়ন্ত্রিত পারফরম্যান্সের দিকেই তাকিয়ে ছিল ভারত। কিন্তু র‍্যাপিড রাউন্ডের প্রথম সিরিজের শেষ শটেই ঘটে বিপত্তি। টার্গেটের বদলে গুলি গিয়ে লাগে বাইরের ধাতব ফ্রেমে। নিয়ম অনুযায়ী সেই শটের জন্য কোনও পয়েন্ট মেলেনি। সম্ভাব্য ৫০ পয়েন্টের জায়গায় ওই সিরিজে রাহি পান ৩৯।

আরও পড়ুন:

ঘটনার পর ভারতীয় দল ৫০ ইউরো ফি দিয়ে জুরির কাছে আবেদন করেছিল ফের সুযোগ দেওয়ার জন্য। দীর্ঘ পর্যালোচনার পর অবশ্য সেই আবেদন খারিজ করে দেয় জুরি। ফলে পয়েন্ট মেলেনি। একটি শটের ভুলেই দলগত তালিকায় পঞ্চম স্থানে নেমে যায় ভারত। ব্যক্তিগত বিভাগেও ৩০ নম্বরে থেকে অভিযান শেষ হয় রাহির। শুটাররা হতাশ করলেও বক্সিংয়ে চতুর্থ পদক নিশ্চিত করেছে ভারত। মহিলাদের ৭৫ কেজি বিভাগে সেমিফাইনালে উঠেছেন লভলিনা বরগোহাঁই। দক্ষিণ কোরিয়ার সুয়েওন সিয়ংকে ৫-০ ব্যবধানে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন তিনি। ফলে বক্সিং থেকে ভারতের চতুর্থ পদক নিশ্চিত হল। টেনিসে হতাশ হতে হল ভারতকে।

মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে ভারতের অঙ্কিতা রায়না ও ঋতুজা ভোসলে জুটি। ফলে টেনিস থেকে ভারতের পদকের আশা শেষ হল এই বিভাগে। অন্যদিকে, তিরন্দাজির কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে পরের রাউন্ডে পৌঁছে গেলেন ভারতের চিকিথা তানিপার্তি ও জ্যোতি সুরেখা ভেন্নাম। ভুটানের দর্জি দোলমাকে ১৪৯-১৪০ ব্যবধানে হারান চিকিথা। তাছাড়াও কাজাখস্তানের আদেল ঝেক্সেনবিনোভাকে ১৪৮-১৪৫ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেন জ্যোতি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *