সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য়পাল সি ভি আনন্দ বোসকে দেখতে ফের হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল সুপ্রিমোর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মুকুল রায়। তাঁর সঙ্গেও দেখা করলেন মমতা। জানালেন, মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। চোখ মেলে মমতাকে দেখেওছেন মুকুল।
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যপাল। শালবনি সফরের আগে হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ফের গেলেন হাসপাতালে। জানালেন, “রাজ্যপালের সঙ্গে কথা হয়নি। ওষুধ দিয়ে তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা বিশ্রাম নিতে বলেছেন। চার-পাঁচদিন চিকিৎসার পর রাজ্যপাল স্থিতিশীল হলে তারপর পরবর্তী চিকিৎসার কথা ভাববেন ডাক্তাররা।” তবে রাজ্যপালের স্ত্রীয়ের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর।
একই হাসপাতালে ভর্তি রয়েছেন মুকুল রায়ও। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। এদিন তাঁকে দেখে এলেন মমতা। এ প্রসঙ্গে তিনি বলেন, “মুকুলও অনেকদিন ধরে এখানে ভর্তি আছে। ওঁকেও একটু দেখে এলাম। মাথায় হাত বুলিয়ে দিলাম। ডাকলাম। তাকিয়ে দেখল। একটু একটু তাকিয়ে দেখল।”
