‘কৃষ কাপুর’-এর ভূমিকায় বড় পর্দায় আত্মপ্রকাশ নবাগত অভিনেতা অহন পাণ্ডের। প্রথম ছবিতেই বক্স অফিসে কিস্তিমাত। জেন জিদের কাছে তো অহন পাণ্ডে প্রথম ছবিতেই হয়ে উঠেছেন স্বপ্নের নায়ক। অভিনয় জীবনের অন্যতন সেরা হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন বললে অত্যুক্তি হবে না। ‘সাইয়ারা’র সাফল্যকে পাথেয় করে নয়া অবতারে দর্শকের দরবারে ধরা দেবেন অহন। রোম্যান্টিক নায়কের মুখোশ খুলে ধরা দেবেন ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে। যশ রাজ প্রযোজনার ব্যানারে আরও একটা ‘বিগ ব্রেক’ তা বললে অত্যুক্তি হবে না। আলি আব্বাস জাফরের পরিচালনায় নতুন ছবিতে ‘আলফা’ আলিয়ার সহ অভিনেত্রী শর্বরী ওয়াঘ। উৎসবের মরশুমে যশ রাজ ফিল্মসের তরফে ঘোষণা করা হল ছবির নাম ও মুক্তির দিন।
সূর্যকিরণের মাঝে শর্বরীকে আঁকড়ে বন্ধুকধারী অহন। হাতে মুখে রক্তের দাগ। অন্যদিকে নায়িকার হাতে গিটার। সিনেমার প্রথমঝলক পোস্টার শেয়ার করে ছবি মুক্তির দিনক্ষণ জানিয়ে দিল যশ রাজ ফিল্মস। পোস্টারে এটুকু স্পষ্ট রোম্যান্সের সঙ্গে থাকছে ভরপুর অ্যাকশনও। সিনেমার ট্যাগলাইন, ‘ফিয়ারলেস ইন লাভ’ যার বাংলা তর্জমা করলে হয়, ‘প্রেমে নির্ভীক’। অহন-শর্বরী জুটির প্রথম ছবি ‘বেপরোয়া’ মুক্তি পাবে ২০২৭-এর ২৬ মার্চ। তবে সিনেমার কাহিনি কিংবা চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন:
‘সাইয়ারা’র সহ অভিনেত্রী অনীত পাড্ডা পোস্টারের কমেন্ট বক্সে অহন-শর্বরীকে উৎসাহিত করে লিখেছন, ‘সেরা সেরা। দারুণ উত্তেজিত।’ অহন ও শর্বরী ছাড়াও ‘বেপরোয়া’তে দেখা যেতে পারে ববি দেওল এবং ঐশ্বর্য ঠাকরেকে।কানাঘুষো, অহনের বিপরীতে খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে ঐশ্বর্যকে। যদিও নির্মাতাদের তরফে এখনও তাঁদের চরিত্র বা ছবির অন্যান্য সহঅভিনেতাদের ভূমিকা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি।
অ্যাকশন-রোম্য়ান্সের মিশেলে অহন-শর্বরীর ‘বেপরোয়া’ নিয়ে হিন্দি ছবির দর্শকের উৎসাহের পারদ চড়বে তা বলাই বাহুল্য়। ‘বেপরোয়া’র হাত ধরে যশ রাজ ফিল্মসে ঘর ওয়াপসি পরিচালক আলি আব্বাস জাফরের। এই প্রযোজনা সংস্থার ব্যনারে ‘মেরে ব্রাদার কি দুলহন’, ‘গুন্ডে’, ‘সুলতান’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো ছবিতে কাজ করেছেন। সলমন খান অভিনীত ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ বক্স অফিসে সুপারহিট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
