মাস কয়েক আগে প্রকাশ্যেই প্রেম জাহির করেছিলেন অর্শদীপ সিং। আদুরে পোস্টে ঘোষণা করেছিলেন, বলি অভিনেত্রী সমরিন কৌরের সঙ্গে প্রেম করছেন। সম্পর্ক প্রকাশ্যে আনার পর থেকে সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাঁদের। অবশেষে সমালোচকদের জবাব দিলেন ভারতীয় ক্রিকেটার অর্শদীপের ‘হৃদয়হরণী’ সমরিন। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেছেন লাস্যময়ী। প্রেমিকার পাশে দাঁড়িয়ে ট্রোলারদের একহাত নিয়েছেন অর্শদীপও।
জুলাইয়ের আগে পর্যন্ত দু’জনের সম্পর্ক নিয়ে ফিসফাস চলছিল। কখনও ইঙ্গিতবাহী পোস্ট। কখনও মুখ লুকিয়ে হাতে হাত রেখে পোস্ট। আবার কখনও স্রেফ নখের ছবি দিয়ে স্টোরি… এইভাবে ‘চোরি চোরি চুপকে চুপকে’ প্রেমকাহিনি চলছিল। অবশেষে দুনিয়ার সঙ্গে প্রেমিকার পরিচয় করান অর্শদীপ। ছবি দিয়ে বলেন ‘মাই পার্সন’। এরপর অনুরাগীদের কাছে ভালোবাসা পেয়েছেন বটে, কিন্তু একাংশ তাঁদের বিদ্রূপও করেছেন। যার জবাব দিলেন সমরিন। ইনস্টায় লম্বা পোস্টে তিনি লেখেন, ‘সোশাল মিডিয়ায় মানুষের আচরণে দ্বিচারিতা রয়েছে। প্রেমিককে আড়ালে রাখলে বলা হয়, তাঁকে নিয়ে গর্ব নেই। আবার প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করলেই অভিযোগ ওঠে, সবটাই প্রচারের জন্য।’ তিনি আরও লেখেন, ‘কাউকে মন থেকে ভালোবাসলেও অনেকের ধারণা, একদিন সেই মানুষটিকে ছেড়ে চলে যাব।’
আরও পড়ুন:

নিজের পরিচয় ও স্বাধীন জীবনযাপনের প্রসঙ্গও তুলে ধরেছেন সমরিন। জানিয়েছেন, মাত্র ১৭ বছর বয়স থেকেই কাজ করছেন তিনি। নিজের আর্থিক চাহিদা নিজেই সামলেছেন। ঘুরেছেন ২০টিরও বেশি দেশ। সম্পর্কের বাইরেও নিজস্ব জগৎ রয়েছে তাঁর। তাই নিজের জীবনযাপন কিংবা সম্পর্ক নিয়ে কাউকে কৈফিয়ত দিতে নারাজ তিনি। অর্শদীপের মতো একজন মানুষকে পেয়ে নিজেকে ভাগ্যবান বলেও মনে করেন সমরিন। প্রেমিককে নিয়ে পোস্ট করার অধিকার তাঁর রয়েছে বলেও জানিয়েছেন। যাঁদের পছন্দ নয়, তাঁদের প্রোফাইল থেকে সরে যাওয়ার কথা বলেছেন। একইসঙ্গে মহিলাদের প্রতি মহিলাদের নেতিবাচক মনোভাব নিয়েও রেগে আগুন সমরিন। প্রোফাইলে এসে কুৎসা ছড়ালে তাঁকে ব্লক করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। তবে যাঁরা তাঁদের পাশে রয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ তিনি।
প্রেমিকার এই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অর্শদীপও। সমরিনের পাশে দাঁড়িয়ে ভারতীয় পেসার লেখেন, ‘তোমাকে নিয়ে গর্বিত। মানসিকভাবে সত্যিই তুমি খুব দৃঢ়।’ এর পরেই সমালোচকদের উদ্দেশে তাঁর বার্তা, ‘আমাদের কী করা উচিত, আর কী করা উচিত নয়, তা নিয়ে যাঁরা এত ভাবছেন, তাঁদের বলব একটু থামুন। নিজের মতো বাঁচুন। অন্যদেরও নিজেদের মতো বাঁচতে দিন।’ সোশাল মিডিয়ায় ভালোবাসা ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন তিনি। সমরিনকে স্বচ্ছ মনের এবং ভালোবাসায় পরিপূর্ণ মানুষ বলেন ‘পাঞ্জাব দা পুত্তর’। তিনি বলেন, ‘কাউকে ভালোবাসা এবং কারও কাছ থেকে ভালোবাসা পাওয়ার অনুভূতি জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। প্রত্যেকের জীবনেই এমন নিখাদ ভালোবাসা আসুক।’ পাশাপাশি যাঁরা তাঁদের নিঃস্বার্থভাবে সমর্থন করছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন বাঁহাতি পেসার।

কে এই সমরিন? পাঞ্জাবি বিনোদনের জগতে যথেষ্ট পরিচিত মুখ এই লাস্যময়ী। ২৬ বছর বয়সি সমরিনের জন্ম জম্মু-কাশ্মীরে। অভিনয়ের পাশাপাশি মডেলিং করেন। সোশাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় এই লাস্যময়ী। পুণের কলেজ থেকে বিকম পাশ করে গ্ল্যামার দুনিয়ায় সমরিনের পদার্পণ। কেরিয়ারের গোড়াতেই মিস জম্মু-কাশ্মীর হিসাবে প্রতিনিধিত্ব করেন মিস ইন্ডিয়ার মঞ্চে। তারপর থেকেই জনপ্রিয়তা বাড়তে থাকে তাঁর। বাদশাহ, জুবিন নটিয়াল, গুরু রনধাওয়া বা মনিন্দর বুট্টারের একাধিক মিউজিক ভিডিওয় সমরিনকে দেখা গিয়েছে। জি ফাইভের ওয়েব সিরিজ ‘নেল পালিশে’ অভিনয় করেছেন তিনি। পাশাপাশি সমরিনকে দেখা গিয়েছে ‘সর্দারজি ২’ ছবিতেও। তবে সমরিন ক্রীড়াপ্রেমীদের কাছে পরিচিত ‘৮৩’ ছবি থেকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
