নম্বরপ্লেটহীন বাইকে করে চার মাসে প্রায় ৫০টি ছিনতাইয়ের অভিযোগ। গভীর রাতে ছিনতাইয়ের উদ্দেশে বেরিয়েই পুলিশ দেখে ঘাবড়ে গিয়ে গার্ডরেলে ধাক্কা ছিনতাইকারীদের বাইকের। তাতেই ধরা পড়ে গেল ‘অধরা’ দুই বাইক আরোহী। রাস্তার উপর বাইক থেকে পড়ে যাওয়ার পর আর তারা পালাতে পারেনি। শেক্সপিয়র সরণি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল দু’জন।
পুলিশ জানিয়েছে, ধৃত দুই ছিনতাইকারীর নাম মহম্মদ সামির ও শেখ আজহার। তাদের বাড়ি হাওড়ার বাঁকড়া এলাকায়। তারা দু’জনই একটি বাইকে চড়ে শেক্সপিয়র সরণি, পার্ক স্ট্রিট, ভবানীপুর, ময়দান-হেস্টিংসের মতো ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকায় গভীর রাতে ঘুরে বেড়াত। ওই বাইকে ছিল না কোনও নম্বরপ্লেট। কোনও পথচারী রাস্তা দিয়ে হেঁটে চলার সময় তাঁর কাছে বাইক নিয়ে আসত তারা। চলন্ত বাইকে করে পিছন থেকেই মোবাইল ফোন বা সোনার চেন ছিনতাই করে তারা পালিয়ে যেত। একেক রাতে পাঁচটি মোবাইলও তারা ছিনতাই করে। এভাবে গত চার মাসে অন্তত ৫০টি ছিনতাইয়ের ঘটনা ঘটায় এই দু’জন। এমনকী, পুজোর সময়ও রাতে বহু মণ্ডপ দর্শনার্থীর কাছ থেকে তারা ছিনতাই করে। ছিনতাইয়ের পর মোবাইলগুলি নিজেদের কাছে না রেখে দ্রুত অন্যদের হাতে তুলে দিত অভিযুক্তরা।
আরও পড়ুন:
একের পর এক ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। বহু সিসিটিভির ফুটেজ ঘেঁটে পুলিশের হাতে উঠে আসে ছিনতাইকারীদের একটি ভাঙা হেমলেট। এ ছাড়াও তারা কয়েকটি বিশেষ রঙের জামা পরেই ছিনতাই করত। কিন্তু এতদিন ‘অধরা’ থেকে পুলিশের চোখকে ফঁাকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল তারা। বুধবার রাতে এক্সাইড মোড়ে চলছিল নাকা চেকিং। এর মধে্যই ছিনতাইয়ের ছক কষে রাত দেড়টা নাগাদ সেভেন পয়েন্টের দিক থেকে এক্সাইডের দিকে আসছিল তারা। দূর থেকে নম্বরহীন বাইকটি দেখেই নাকা চেকিংয়ে থাকা পুলিশকর্মী ও আধিকারিকদের সন্দেহ হয়। তাঁরা বাইকটিকে আটকাতে যান। এভাবে পুলিশ তাদের ধরতে আসায় তারা ঘাবড়ে যায়। গতি বাড়িয়ে পালানোর সময়ই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নাকায় থাকা গার্ডরেলে বাইক নিয়ে ধাক্কা দেয় তারা।
বাইক থেকে দু’জনই পড়ে যায়। দৌড়ে এসে পুলিশকর্মীরা তাদের ধরে ফেলেন। তাদের কাছ থেকে কালো-লাল রঙের একটি বাইক উদ্ধার করা হয়। পুলিশের মতে, যাতে বাইকের নম্বর থেকে তাদের শনাক্ত করা না যায়, তার জন্য তারা বাইকের নম্বরপ্লেট খুলে রেখেছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সেই জামাও উদ্ধার করা হয়, যেগুলি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। ছিনতাই হওয়া মোবাইলগুলি কোথায় পাচার করা হত ও কারা সেগুলি কিনত, তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে। ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
