ধূপগুড়িতে প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক বৈঠক, পুরভোটে জয়ের বিষয়ে আশাবাদী শুভঙ্কর সরকার

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


তিতাস পাল, জলপাইগুড়ি : রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই রীতিমতো আটঘাট বেঁধে ময়দানে নেমেছে প্রদেশ কংগ্রেস (congress)। রাজনৈতিক মহলে কান পাতলেই এখন কংগ্রেসের এই অভূতপূর্ব তৎপরতার কথা শোনা যাচ্ছে, যা গত তৃণমূল আমলে সেভাবে চোখে পড়েনি। বিশেষত আসন্ন পুরভোটকে পাখির চোখ করে একেবারে তৃণমূল স্তর থেকে সংগঠনকে মজবুত করতে মরিয়া হাত শিবির। মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়িতে (Dhupguri) রাজ্যস্তরের এক মেগা সাংগঠনিক বৈঠকের মধ্য দিয়ে কংগ্রেসের সেই আগ্রাসী মেজাজই আরও একবার স্পষ্ট হল। দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও, আগামীতে কলকাতার পাশাপাশি ধূপগুড়িতেও পুরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। আর সেই হাইভোল্টেজ নির্বাচনকে সামনে রেখেই এদিন ধূপগুড়ির দলীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় কংগ্রেসের পর্যবেক্ষক প্রকাশ জোশী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার (Suvankar Sarkar)। এছাড়াও উত্তরবঙ্গের সাতটি জেলার সভাপতি ও পর্যবেক্ষকরা এই ম্যারাথন বৈঠকে অংশ নিয়ে আসন্ন পুরভোটের ব্লু-প্রিন্ট তৈরি এবং সংগঠন বিস্তারের কৌশল নিয়ে বিশদে আলোচনা করেন।

বৈঠকের পর স্থানীয় একটি বেসরকারি ভবনে কর্মীসভার আয়োজন করা হয়। সেখানেই অনুষ্ঠিত হয় বিশেষ যোগদান কর্মসূচি। ময়নাগুড়ি ও ধূপগুড়ির বেশ কয়েকজন তৃণমূল কর্মী এদিন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেওয়ায় স্থানীয় স্তরে দলের পালে নতুন হাওয়া লেগেছে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি শুভংকর সরকার আত্মবিশ্বাসের সুরে দাবি করেন, নির্বাচন যদি সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ হয়, তবে ধূপগুড়ি পুরসভা কংগ্রেসের দখলেই আসবে। নন্দীগ্রামের উপনির্বাচনে সাধারণ মানুষ যেভাবে কংগ্রেসের প্রতি আস্থা দেখিয়েছে, তাতেই দলের গ্রাউন্ড লেভেল কর্মীদের মনোবল অনেকটাই বেড়েছে বলে জানান তিনি। যদিও আসন্ন নির্বাচনে অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট হবে কি না, সেই জল্পনা জিইয়ে রেখেই বিষয়টি আপাতত এড়িয়ে গিয়েছেন তিনি।

এদিন তাঁর আক্রমণের মূল নিশানায় ছিল বিজেপি পরিচালিত ডাবল ইঞ্জিন সরকার। এনকাউন্টার থেকে শুরু করে তোলাবাজির মতো একাধিক জ্বলন্ত ইস্যুতে গেরুয়া শিবিরকে তুলোধোনা করেন তিনি। রাজ্যের সাম্প্রতিক একাধিক বিতর্কিত প্রসঙ্গ এদিন টেনে আনেন তিনি। পুজোর সময় চোরবাগানে পদপিষ্ট হওয়ার মর্মান্তিক ঘটনা, কালিম্পংয়ের ডেপুটি ম্যাজিস্ট্রেটের অস্বাভাবিক মৃত্যু এবং পুজোমণ্ডপে বামেদের বুক স্টল ভাঙচুরের মতো ঘটনাগুলি তুলে ধরে কড়া সমালোচনা করেন প্রদেশ সভাপতি। সবশেষে উত্তরবঙ্গের আবেগ উসকে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, এই অঞ্চলের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চা ও আনারস শিল্পের সার্বিক বিকাশে ডাবল ইঞ্জিন সরকার আদতে কী সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *