স্ত্রীর সঙ্গে যুবকের পরকীয়া! তাতে স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করে নিজের বাড়িতে যুবককে ডেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকার স্বামীর বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। অভিযুক্ত ব্যক্তি ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃতের নাম গোপালঋষি দাস। তিনি হাসনাবাদের আমলানী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। পেশায় ডেকোরেটার্স ব্যবসায়ী। ওই পঞ্চায়েতেরই হরিপুর দাসপাড়া এলাকার বাসিন্দা কাশিনাথ দাসের স্ত্রী কামনা দাসের সঙ্গে পরকীয়ায় জড়ান তিনি। বেশ কয়েকমাস ধরে তাঁরা এই সম্পর্কে ছিলেন বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝে মধ্যেই কাশীনাথের বাড়িতে যেতেন গোপালঋষি। বেশ কয়েকবার কামনার সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থাতেও দেখা গিয়েছে। কাশিনাথ তাঁর স্ত্রী ও যুবক উভয়কেই সতর্ক করলেও তাঁরা শোনেননি বলেই দাবি। তা নিয়ে দম্পতির মধ্যে পারিবারিক অশান্তি লেগেই ছিল!
অভিযোগ, বুধবার রাতে কাশীনাথের স্ত্রী কামনা গোপালঋষিকে নিজের বাড়িতে ডাকেন। অন্যান্য দিনের মতো চলেও যান যুবক। গোপাল সেখানে পৌঁছতেই তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান কাশিনাথ। যুবকের মাথায় একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়! গুরুতর জখম হন গোপালঋষি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। চিৎকার শুনে ছুটে যান স্থানীয়রা। যুবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কাশিনাথ ও তাঁর স্ত্রী কামনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
