উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ দিল্লির জামা মসজিদ (Jama Masjid) থানার ভেতরে জিজ্ঞাসাবাদ চলাকালীন পাঁচ জন পুলিশকর্মীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম নাবিল (Nabil)। সোমবার দুপুরে এই রক্তাক্ত কাণ্ডের পর তিনি থানা থেকে পালিয়ে যান। পরবর্তী সময়ে তাঁকে ধরতে গেলে পুলিশের উপর ফের চড়াও হওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে আহত হন অভিযুক্ত, পরে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মা ও বোনের সঙ্গে পারিবারিক বিবাদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুর নাগাদ নাবিলকে জামা মসজিদ থানায় ডেকে পাঠানো হয়েছিল। দুপুর আড়াইটে নাগাদ থানার ভেতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করছিলেন পুলিশকর্মীরা। সেই সময় হঠাৎই ছুরি বের করে পুলিশকর্মীদের উপর এলোপাথাড়ি হামলা চালান ওই যুবক। এই আকস্মিক হানায় পাঁচ জন পুলিশকর্মী আহত হন। তাঁদের মুখ ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।
ঘটনার পরই রক্তাক্ত পুলিশকর্মীদের দ্রুত স্যার গঙ্গারাম হাসপাতালে (Sir Ganga Ram Hospital) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার স্বার্থে একটি বিশেষ চিকিৎসা কেন্দ্রে (specialised medical facility) স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের হাসপাতালেই চিকিৎসা চলছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাঁচ পুলিশকর্মীকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করার পর থানা চত্বর থেকে পালিয়ে যান নাবিল। অভিযোগ, এলাকা থেকে চম্পট দিতে তিনি একটি মোটরবাইক চুরি করেন। ঘটনার পর পরই সেন্ট্রাল ডিস্ট্রিক্টের অপারেশনস ইউনিটের (Central District Operations Unit) একটি দল তাঁর খোঁজে জোরদার তল্লাশি শুরু করে।
কিছুক্ষণের মধ্যে থানার অদূরে একটি এলাকায় নাবিলের হদিস মেলে। পুলিশকর্মীরা তাঁকে পাকড়াও করার চেষ্টা করলে তিনি ফের আক্রমণ চালান। আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় অভিযুক্তকে বাগে আনা হয় এবং গ্রেফতার করা হয়। চিকিৎসার জন্য নাবিলকেও স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত জারি রেখেছে পুলিশ।

