গোটা আইপিএল গিলে ফেলতে চেয়েছিল দাউদ ইব্রাহিম! বিস্ফোরক অভিযোগ আনলেন মেগা টুর্নামেন্টের মাস্টারমাইন্ড ললিত মোদি। পলাতক ক্রিকেট কর্তার দাবি, তাঁকে ফোন করে শাসানি দিয়েছিল কুখ্যাত গ্যাংস্টার। সেই হুমকি শুনে আতঙ্কে প্রায় আধমরা হয়ে গিয়েছিলেন বলেও দাবি করেছেন ললিত। সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানেই উঠে এসেছে এহেন বিস্ফোরক তথ্য। যদিও প্রশ্ন উঠছে, এমন বিস্ফোরক কথা ললিত আগে প্রকাশ করেননি কেন?
২০১০ সালে ভারত ছেড়ে পালান ললিত মোদি। তার বছরদুয়েক পরে আন্ডারওয়ার্ল্ডের ত্রাসের সঙ্গে কথা হয় বলে জানিয়েছেন পলাতক ক্রিকেট প্রশাসক। সাক্ষাৎকারে ললিত বলছেন, “আমি তখন লন্ডনে। ভোর সাড়ে তিনটে নাগাদ হঠাৎ একটা ফোন আসে। লন্ডনের এক জুয়াড়ি আমাকে রীতিমতো জোর জবরদস্তি করে এক ‘বাবা’র কাছে নিয়ে যায়। আমি ওখানে পৌঁছতেই সেই বাবা আমাকে ছাদে নিয়ে যায়। তারপর কাউকে একটা ফোন করে। স্পিকার ফোনে গলাটা শুনেই আমার অবস্থা খারাপ। ভয়ে আমি প্রস্রাব করে ফেলেছিলাম।”
আরও পড়ুন:
ললিতকে কী বলেছিল কুখ্যাত ডন? সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “ও স্পষ্ট জানিয়ে দিল, এবার থেকে তোমার সব খেল খতম। তারপরেই ফোন রেখে দিল। ললিত আরও জানান, সেদিনের সেই ঘটনার পর বহুবার ওই ‘বাবা’র ফোন পেয়েছেন তিনি। কখনও আইপিএলে দল কেনার প্রস্তাব, কখনও জুয়ায় লোকসানের জন্য ক্ষতিপূরণ চেয়ে চাপ-এই দাবিগুলো আসত ললিতের কাছে। দাউদের ওই ‘বাবা’র মত ছিল, ২০০৯ আইপিএল দক্ষিণ আফ্রিকায় সরিয়ে দেওয়ার ফলে তাদের সাট্টা বাজারে ব্যাপক আর্থিক ক্ষতি হয়।
দাউদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই ক্রিকেট থেকে সরে এসেছেন বলে জানান ললিত। যদিও আর্থিক তছরূপ-সহ নানা অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করছিল ইডি। ২০১৩ সালে তাঁকে নির্বাসিত করে বিসিসিআই। যদিও ললিত নিজে বলছেন, ক্রিকেট থেকে তাঁর সন্ন্যাসের নেপথ্যে রয়েছে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড। সম্প্রতি একাধিক সাক্ষাৎকার দিয়েছেন ললিত, সেখানে বেশ কিছু বিস্ফোরক মন্তব্যও করেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
