মহেলা জয়বর্ধনে। গত প্রায় এক দশক মুম্বই ইন্ডিয়ান্স ডাগআউটের পরিচিত নাম। তবে আগামী মরশুমে মুম্বই ডাগআউটে আর দেখা যাবে না মহেলাকে। হেডকোচ পদ থেকে জয়বর্ধনেকে সরিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। আগামী মরশুমে নতুন কোনও কোচের তত্ত্বাবধানে খেলবেন রোহিত শর্মারা।
মহেলা জয়বর্ধনে একটা সময় ক্রিকেটার হিসাবে মুম্বইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ সালে তিনি কোচ হিসাবে দায়িত্ব নেন। প্রথম দফায় ২০২৩ পর্যন্ত হেড কোচ ছিলেন তিনি। সেসময় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর জমাটি রসায়ন চূড়ান্ত সফল দল হিসাবে তুলে ধরে আম্বানিদের ফ্র্যাঞ্চাইজিকে। ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই। এরপর ২০২৪ মরশুমের আগে জয়বর্ধনেকে কোচের পদ থেকে সরিয়ে নিজেদের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স হিসাবে নিয়োগ করে। দলের কোচ করা হয় মার্ক বাউচারকে। কিন্তু পরপর দু’বছর বাউচার ব্যর্থ হওয়ায় কোচের পদে ফেরানো হয় জয়বর্ধনেকে।
আরও পড়ুন:
কিন্তু এবারে আর আগের মতো সফল হতে পারলেন না তিনি। দ্বিতীয় মেয়াদে কোচ হয়েই দলের খোলনলচে বদলে ফেলার চেষ্টা করেন। সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে রাতারাতি সরিয়ে তাঁর জায়গায় অধিনায়ক করেন হার্দিক পাণ্ডিয়াকে। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি মুম্বই। দলে একাধিক সুপারস্টার ম্যাচ উইনাররা থাকা সত্ত্বেও সেভাবে আইপিএলে দাগই কাটতে পারছে না এমআই পল্টনরা। হার্দিককে কেন্দ্র করে সাজানো জয়বর্ধনের সব কৌশল ব্যর্থ। শেষমেশ তাঁকে ছেঁটে ফেললেন নিতা আম্বানিরা। শনিবার সরকারিভাবে জয়বর্ধনের বিদায়ের খবর ঘোষণা করে দেওয়া হয়েছে।
আসলে আগামী মরশুমে সবকিছু নতুন করে শুরু করতে চাইছে মুম্বই। আর সেটা সম্ভবত ফের রোহিত শর্মাকে কেন্দ্র করেই। হার্দিক পাণ্ডিয়া এবং সূর্যকুমার যাদবের মধ্যে যে কোনও একজন কে বিদায় নিতে হবে। দু’জনকেই ছেঁটে ফেলা হতে পারে। ফলে যা পরিস্থিতি আগামী মরশুমে সম্পূর্ণ নতুন রূপে-নতুন অধিনায়ক ও কোচ নিয়ে আত্মপ্রকাশ করবে মুম্বই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
