তিতাস পাল, জলপাইগুড়ি: জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে (Jalpaiguri Superspeciality Hospital) ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ ওঠার পর চিকিৎসাধীন বীরেন্দ্রনাথ শর্মা নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কর্তব্যরত কর্মীদের ভুলে রক্তের ব্যাগ অদলবদল হয়ে যায় বলে অভিযোগ ওঠে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কচুয়া-বোয়ালমারীর বাসিন্দা বীরেন্দ্রনাথ শর্মাকে গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর রক্তের গ্রুপ ছিল ‘এবি পজিটিভ’ (AB constructive)। কিন্তু শনিবার দ্বিতীয় ইউনিট রক্ত দেওয়ার সময় তাঁকে ‘এ পজিটিভ’ (A constructive) রক্ত দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। একই ওয়ার্ডে চিকিৎসাধীন বুলীন রায় নামে আরেক রোগীকেও ভুল গ্রুপের রক্ত দেওয়া হয়েছিল, যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
রক্ত দেওয়ার পর বীরেন্দ্রনাথ শর্মার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ডায়ালিসিস দেওয়া হয়। পরিস্থিতির অবনতি দেখে মঙ্গলবার রাতে অতিরিক্ত রক্ত দেওয়ার প্রয়োজন হলে বিজেপির জেলা সহ-সভাপতি বুবাই কর এবি পজিটিভ রক্ত দান করেন। জানা গিয়েছে, শেষ পর্যন্ত কার্ডিয়াক অ্যারেস্টে তিনি বুধবার সকালে মারা যান। মৃতের পরিবারের পক্ষ থেকে অবশ্য কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে এবং দুপুরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ওই রোগীর দুটি কিডনি আগে থেকেই বিকল ছিল। এছাড়াও রক্তাল্পতা ও অন্যান্য শারীরিক জটিলতার কারণে মাল্টি অর্গান ফেইলিওরের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে ভুল রক্ত দেওয়ার অভিযোগটি খতিয়ে দেখতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে থাকা কর্মীদের শোকজ নোটিশও পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এবিষয়ে বুবাই কর জানান, কোনো ভুলই বাঞ্জনীয় নয়, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। দলও ওই পরিবারের পাশে রয়েছে।

