বহরমপুর: ভুয়ো চিকিৎসক, পুলিশের পর এবার ভুয়ো মহিলা আইনজীবী! রীতিমতো আসল আইনজীবী সেজে মক্কেলদের কাছ থেকে বিপুল টাকা আদায়ের দায়ে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক সোরগোল ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জুড়ে। গ্রেপ্তার হওয়া মহিলার নাম সাবিনা বেগম। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কান্দি মহকুমা আদালতের আসল মহিলা আইনজীবী সৈয়দ সাবিনা বেগমের নাম ব্যবহার করে নিজেকে উকিল হিসেবে পরিচয় দিতেন ধৃত ওই মহিলা। নানান সময়ের গ্রামের দুস্থ অসহায় মানুষদের কাছে নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে তিনি বিভিন্ন মামলার জন্য দিনের পর দিন টাকা নিয়ে আসছিলেন বলেই অভিযোগ। এ বিষয়ে কান্দি আদালতের আইনজীবী সৈয়দ সাবিনা বেগম বলেন, ‘আমি তো শুনে অবাক হয়ে গিয়েছিলাম যে, আমার নাম ব্যবহার করে সাবিনা বেগম নামের ওই মহিলা নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে এই কাণ্ড ঘটিয়েছে।’
