বারুইপুর দলীয় কর্মসূচিতে গিয়ে আক্রান্ত হলেন বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যেই সিটি স্ক্যান করা হয়েছে। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে পরিবার সূত্রে খবর।
বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত জয়নগর থানার মনসাতলা গিয়েছিলেন বিধায়ক বিভাস সরদার। সেখানে যাওয়ার পর বেশ কিছু দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ফেলে। অভিযোগ, গাড়িতে বসে থাকা অবস্থায় তাঁকে আক্রমণ করা হয়। গুরুতর চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে। খবর পেয়ে বিরাট সংখ্যা পুলিশ বাহিনী বারুইপুর মহকুমা হাসপাতাল এবং যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে মোতায়ন করা হয়েছে।
পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ প্রসঙ্গে বিভাস সরদার বলেন, “যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সকলে শাসক দলের দুষ্কৃতী। আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল।” এ বিষয়ে বিজেপি তরফে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্করকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে কোন উত্তর দেননি।
