খাস কলকাতা শহরে দুষ্কৃতীরাজ! দু’পক্ষের সংঘর্ষে বোমবাজি, গুলি চালানোর অভিযোগ। উত্তপ্ত দক্ষিণ কলকাতার গোলপার্ক এলাকা। দু’পক্ষের মধ্যে চলে ইটবৃষ্টিও। তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্ষুব্ধ জনতা একাধিক বাইক-স্কুটার ভাঙচুর চালায়। এমনকী পুলিশের গাড়িতেও হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ।
দক্ষিণ কলকাতার কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। এলাকা থেকে গুলির খোল ও বোমার টুকরোও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর থানা এলাকার কাঁকুলিয়া রোডে ঘটেছে এই ঘটনা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এদিন তাঁদের পিকনিক ছিল। পিকনিক সেরে তাঁরা এলাকায় আসেন। রাত সাড়ে আটটার কিছু পরে অন্য এলাকার বেশ কিছু যুবককে এলাকায় আসতে দেখেন। তাঁরা এলাকায় এসেই তাণ্ডব চালাতে শুরু করে। ভয়ে এলাকার মহিলারা বাড়ির ভিতরে চলে যান। কিছু স্থানীয় বাসিন্দা দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করে। তখনই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শুরু হয় দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টি। বোতলও ছোড়া হয়। অভিযোগ, ইটের ঘায়ে কয়েকজন আহত হয়েছেন। রাস্তায় রক্তের ছাপ মিলেছে।
অভিযোগ, গোলমাল চলাকালীন দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে। অন্তত এক রাউন্ড গুলি চালানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পুলিশ উন্মত্ত জনতাকে সরিয়ে দেয়। তখনই জনতার একাংশ পুলিশের গাড়ির উপর হামলা চালানোর চেষ্টা করে। হামলার জেরে কয়েকটি বাইক ও স্কুটি ভাঙচুর হয়। বাসিন্দাদের অভিযোগ, এলাকা দখল করার জন্যই দুষ্কৃতী সোনা পাপ্পু তার অনুগামীদের পাঠিয়ে গোলমাল করেছে। একটি দলীয় অফিসে তারা হামলার টার্গেট করেছিল বলেও অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজের সাহায্যে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
