উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বের কোটি কোটি ভক্তের দীর্ঘ প্রতীক্ষায় জল ঢেলে দিল পাকিস্তান। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না তারা (India vs Pakistan T20 World Cup)। রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচের মাঝেই পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দল বিশ্বকাপে অংশ নিলেও আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না (Pakistan Boycott India)।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই জানিয়েছিল, ভারতের বিরুদ্ধে খেলা বা না খেলার বিষয়টি সম্পূর্ণ সরকারের ওপর নির্ভর করছে। শেষ পর্যন্ত শাহবাজ শরিফ সরকার ভারত ম্যাচ বয়কটের পথেই হাঁটল। পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারত ও পাকিস্তানসহ গ্রুপ ‘এ’-তে থাকা আমেরিকা, নেদারল্যান্ডস ও নামিবিয়াকে নিয়ে তৈরি হওয়া সমীকরণ বদলে গেল। পিসিবি এখন আনুষ্ঠানিকভাবে আইসিসি-কে এই সিদ্ধান্তের কথা জানাবে।
আইসিসি আগেই পাকিস্তানের দাবি মেনে নিয়েছিল যে, ২০২৬ বিশ্বকাপে ভারতের মাটিতে পাকিস্তান কোনো ম্যাচ খেলবে না। সেই মতো হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান এখন সেই চুক্তি ভেঙে ম্যাচ বয়কট করায় আইসিসি-র রোষানলে পড়তে পারে তারা। পয়েন্ট কেটে নেওয়া থেকে শুরু করে বড় অঙ্কের জরিমানা বা অন্য কোনো কঠিন শাস্তি পিসিবি-র ওপর চাপাতে পারেন আইসিসি প্রধান জয় শাহ ও সংশ্লিষ্ট আধিকারিকরা।
ক্রিকেট মহলের একাংশের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাকিস্তান সফর বাতিল এবং সাম্প্রতিক রাজনৈতিক তিক্ততাই এই সিদ্ধান্তের মূলে। পাকিস্তান পুরো বিশ্বকাপ বয়কট করলে আইসিসি কর্তৃক নির্বাসিত হওয়ার ভয় ছিল, তাই কেবল ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়ে তারা মাঝরাস্তা বেছে নিয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ও লাভজনক ম্যাচটি থেকে বঞ্চিত হতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা।
